Ajker Patrika

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে অগ্নিসংযোগ

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে অগ্নিসংযোগ
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার পর স্টেশনে স্থানীয় লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বগিটির দুটি আসন পুড়ে গেছে। তবে ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চাঁদপুর কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে।

স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর শেষ গন্তব্য বড় স্টেশনের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা লোকজন। পরে ট্রেনের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নেভান। এতে বগিটির দুটি আসন পুড়ে গেলেও আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি।

ট্রেনের কর্মচারীরা আগুন লাগার ঘটনার পর বগিটির কাছাকাছি একটি বোতল দেখতে পেয়েছেন বলে জানা গেছে। তাঁদের ধারণা, দুর্বৃত্তরা পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে দুটি আসন পুড়ে গেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে। নির্ধারিত সময় অনুযায়ী ভোর ৫টায় বগিটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মেঘনা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। অন্যদিকে চট্টগ্রাম থেকে বিকেল সোয়া ৫টায় ছেড়ে রাত ১০টার দিকে চাঁদপুরে পৌঁছায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত