Ajker Patrika

আখাউড়ায় গুদামের শাটার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বিএনপি নেতার মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  
আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ২৩: ১৬
আখাউড়ায় গুদামের শাটার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বিএনপি নেতার মৃত্যু
মুহাম্মদ ফজলু রহমান। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টিসিবির পণ্য সংরক্ষণের একটি গুদামের শাটার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ ফজলু রহমান (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেলবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু রহমান মনিয়ন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। তিনি ইউনিয়নের ইটনা পূর্ব উত্তরপাড়া এলাকার মরহুম মুহাম্মদ মমতাজ মিয়ার চতুর্থ ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্নেলবাজারে টিসিবির পণ্য সংরক্ষণের একটি গুদাম রয়েছে। সোমবার সকালে ওই গুদাম থেকে বিক্রির জন্য পণ্য বের করতে শাটার খুলতে যান ফজলু রহমান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফজলু রহমানের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। এক ছেলে বিদেশে থাকেন। অন্য ছেলে হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। তিন মেয়েও পড়াশোনা করছেন।

ফজলু রহমানের মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত