
ভোলার চরফ্যাশনে শ্রমিক সংঘর্ষের জেরে আঞ্চলিক মহাসড়কে পাঁচ ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। যাত্রী তোলাকে কেন্দ্র করে আজ সোমবার বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আকস্মিক এই ধর্মঘটে জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে যাতায়াতকারী হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে চরফ্যাশন সরকারি টাফনাল বারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে দুপুরে বাসশ্রমিকেরা ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে সড়ক থেকে বাস সরানো হলেও শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেন।
বাস চলাচল বন্ধ থাকায় ঘাটে ও বাসস্ট্যান্ডে আটকা পড়েন কয়েক শ যাত্রী। হঠাৎ বাস চলাচল বন্ধ এবং কিছুদিন পরপর এভাবে বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকদের সংঘর্ষের জেরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ যাত্রীরা।
এ বিষয়ে ভোলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান জানান, তাঁদের বাসশ্রমিকদের ওপর হামলার ঘটনায় ভোলা-চরফ্যাশন রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকদের বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
আব্দুল মন্নান বলেন, ‘কয়েক দিন পরপর সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকেরা কারণে-অকারণে আমাদের লোকজনের ওপর হামলা করে।’ এর সুষ্ঠু সমাধানের দাবি জানান তিনি।
তবে, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা বলেন, বিষয়টি নিয়ে মোটামুটি সমাধান হয়েছে। এখন বাস চলাচল শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) বেলা ৩টার দিকে এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বাসস্ট্যান্ডে পুলিশ মোতায়েন রয়েছে। বাসশ্রমিক ও বাস মালিক সমিতির কমিটির সমঝোতা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল ফের শুরু হয়েছে।

মাগুরা শহরের সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে পানির ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাশারুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি মাগুরা বাস টার্মিনালে এসডি পরিবহনের কাউন্টার মাস্টার ছিলেন।
৩ মিনিট আগে
মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
১১ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে প্রথম ধোঁয়া দেখা গিয়েছিল বলে জানিয়েছেন গোডাউনের কর্মীরা। আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতি হলেও তা খুব বেশি নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
২৪ মিনিট আগে
দেশ স্বাধীন হওয়ার ৫০ বছরের বেশি সময় আগে পণ্য পরিবহনের জন্য সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয়। সেই থেকে শত বছর পেরিয়ে গেলেও এখনো রেলপথে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। ব্রিটিশরা যেভাবে রেলপথ তৈরি করে ছিল ঠিক একই পথে এখনো ধুঁকে ধুঁকে চলছে ট্রেন।
৩১ মিনিট আগে