বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহরাব হোসেন সেরনিয়াবাত ওরফে বাবুল মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠু বখতিয়ার ও ছাত্রলীগের কর্মী কাউছার হোসেন।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে সোহরাব হোসেন সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে অন্য তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে আগৈলঝাড়া-গৌরনদী সড়কের বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় পরদিন শনিবার আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ওই সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাঁদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।









