Ajker Patrika

ইঞ্জিন চালু করতেই উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে অর্ধডুবি আরও দুই জাহাজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ইঞ্জিন চালু করতেই উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে অর্ধডুবি আরও দুই জাহাজ
ভেঙে পড়েছে উদ্ধারকারী জাহাজ নির্ভীকের বুম। ছবি: আজকের পত্রিকা

বরিশালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেন (বুম) ভেঙে নদীতে পড়েছে। ভেঙে পড়া অংশটি পাশে নোঙর করা সংস্থাটির আরও দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে। এতে জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়ে অর্ধডুবি অবস্থায় রয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নৌবন্দরের দক্ষিণ পাশে মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় জাহাজটির অপারেটর অচেতন হয়ে পড়লে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ‘নির্ভীক’ জাহাজটি বরিশাল নৌবন্দরের নির্ধারিত স্থানে রাখা হয়। জাহাজটির ২৫০ মেট্রিক টন ওজনের নৌযান উদ্ধারের সক্ষমতা রয়েছে। এর বুমের সামনের অংশও প্রায় সমান ওজনের। সেটি ভেঙে পড়ায় পুরো জাহাজটি ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

জাহাজটির ডুবুরি মো. মিন্টু জানান, বুম পরিষ্কার করার জন্য সেটির ওপর ওঠার সুবিধার্থে ইঞ্জিন চালু করে বুমটি উঁচু করার চেষ্টা চলছিল। এ সময় হঠাৎ ইঞ্জিন অকার্যকর হয়ে যায়। মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে বিকট শব্দে বুমটি নিচে ভেঙে পড়ে। পরে সেটি পাশের দুটি নোঙর করা জাহাজের ওপর আছড়ে পড়ে।

জাহাজটির মাস্টার মো. আলমগীর হোসেন বলেন, প্রতি সপ্তাহে বুম পরিষ্কার করা হয়। এটি সচল রাখতে প্রতিদিন একবার পরীক্ষামূলকভাবে ইঞ্জিন চালু করা হয়। আজ সকালে পরিষ্কার করার প্রস্তুতির সময় এ দুর্ঘটনা ঘটে।

জাহাজটির কমান্ডার ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাকী বলেন, প্রাথমিকভাবে ইঞ্জিনের কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ভেঙে পড়া বুম উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে সংস্থাটির আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ রওনা হয়েছে। সেটি পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত