Ajker Patrika

ইজিবাইকে নেওয়া হচ্ছিল বোমা, চালক গ্রেপ্তার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৭: ২১
ইজিবাইকে নেওয়া হচ্ছিল বোমা, চালক গ্রেপ্তার
এই ইজিবাইকেই বহন করা হচ্ছিল বোমা। ছবি: আজকের পত্রিকা

বরিশালের আগৈলঝাড়ায় বোমাসহ কাওছার খলিফা নামের এক ইজিবাইকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করেছে বোমা নিষ্ক্রিয়কারী দল।

গ্রেপ্তার কাওছার উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি ব্যাগ নিয়ে তালেরবাজার যাচ্ছিলেন চালক কাওছার। পথে ব্যাগটি দেখে উপজেলা ছাত্রদলের এক নেতার সন্দেহ হয়। তিনি চালককে গাড়ি থামাতে বললেও কাওছার দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। পরে পশ্চিম সুজনকাঠী এলাকায় ইজিবাইকটির পথরোধ করে ব্যাগের ভেতরে একটি বোমা দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাওছারকে গ্রেপ্তার করে। আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ঢাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ছয় সদস্যের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে আসে। পরে তাঁরা বোমাটি নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে মামলা করেন। এতে কাওছার খলিফাসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামি কাওছারকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, স্থানীয় লোকজন বোমাসহ এক ইজিবাইকচালককে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ এসআরবির সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত