বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব মো. জিয়া উদ্দিন সিকদার। আজ বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।
মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ৮(১) ধারা অনুযায়ী জিয়া উদ্দিন সিকদারকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। গ্রেড-২ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে।
তবে এ দায়িত্ব পালনের আগে তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছাড়তে হবে।
নিয়োগের বিষয়ে জিয়া উদ্দিন সিকদার জানান, তাঁকে এ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। বরিশাল নগরের পরিকল্পিত উন্নয়নে মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে কাজ করবেন তিনি।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২৬ নভেম্বর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়। পরে ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদে এ-সংক্রান্ত বিল পাস হয়। একই বছরের ১০ এপ্রিল ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ গেজেট আকারে প্রকাশিত হয়।









