
বরিশালের মেহেন্দীগঞ্জে চালার টিন খুলে প্রবাসফেরত এক ব্যবসায়ীর ঘরে ঢুকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভঙ্গা গ্রামে তোফাজ্জেল হোসেন হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাজীরহাট থানায় মামলা হয়েছে।
ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন হাওলাদার জানান, দুর্বৃত্তরা ঘরের চালার টিন খুলে কৌশলে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। তিনি দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। তবে এর আগেই দুর্বৃত্তরা স্বর্ণালংকার, মালপত্র ও টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় তোফাজ্জেল হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কাজীরহাট থানায় মামলা করেছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগে আন্ধারমানিক ও লতা ইউনিয়নের একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটলেও পুলিশ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকায় চুরি বেড়েছে।
ভঙ্গা গ্রামের রবিউল চৌকিদার বলেন, প্রায় এক মাস আগে একই রাতে লতা ইউনিয়নে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় কাজীরহাট থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা হয়েছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনিস এ ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেননি। এখন আবারও চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কাজীরহাট থানার পরিদর্শক (তদন্ত) দীপংকর জানান, চালা খুলে চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রামের মানুষ এখন রাতে ঘুমাতে ভয় পায়। প্রধান সড়কে পুলিশ থাকলেও গ্রামের ভেতরের রাস্তাগুলোতে কোনো টহল নেই। তার দাবি, চুরি হওয়া মালামাল উদ্ধারে দ্রুত পুলিশি তৎপরতা বাড়ানো এবং দোষীদের আইনের আওতায় আনা হলে অপরাধ কমানো সম্ভব হতো।

ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা বেড়েই চলেছে। এতে যেমন যানজটে ভুগতে হচ্ছে তেমনি বেপরোয়া চলাচলে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি অটোরিকশার ব্যাটারি রিচার্জ করতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। ফলে চাপ পড়ছে বিদ্যুৎ ব্যবস্থায়।
২ ঘণ্টা আগে
২০ থেকে ২৫ হাজার টাকার চুক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো করা। এরপর সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেওয়া—সব শেষে সুযোগ বুঝে রাতের আঁধারে ভারতে পাচারের চেষ্টা। পঞ্চগড় সীমান্তে সাম্প্রতিক একের পর এক আটকের ঘটনায় সামনে আসছে মানব পাচারের এমনই এক সংঘবদ্ধ চক্রের তৎপরতা।
৩ ঘণ্টা আগে
সকাল ৮টা। বিদ্যালয়ে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ ও বারান্দা ঝাড়ু দিচ্ছেন একজন শিক্ষক। কিছুক্ষণ পর তাঁকেই দেখা গেল বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার করতে। এমন দৃশ্য দেখা গেছে সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
৩ ঘণ্টা আগে
সড়কের মাঝে থাকা ১২টি বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় মাগুরার শ্রীপুর বাইপাস সড়ক প্রশস্ত ও উন্নয়নকাজ থমকে আছে। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করার পরও খুঁটিগুলো অপসারণ করেনি কর্তৃপক্ষ। এর সঙ্গে রয়েছে জমি অধিগ্রহণসংক্রান্ত মামলা।
৩ ঘণ্টা আগে