Ajker Patrika

থানচিতে পর্যটকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে গাইড বহিষ্কার

থানচি (বান্দরবান) প্রতিনিধি  
থানচিতে পর্যটকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে গাইড বহিষ্কার
থানচিতে প্রশাসনের নিয়ম অমান্য ও পর্যটকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে নিবন্ধিত পর্যটক গাইডকে বহিষ্কার করেছে প্রশাসন। ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচিতে প্রশাসনের নিয়ম অমান্য ও পর্যটকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে এক নিবন্ধিত পর্যটক গাইডকে বহিষ্কার করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। গত ২ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত নয় দিনের ব্যবধানে এ নিয়ে মোট তিনজন পর্যটক গাইডকে বহিষ্কার করা হলো।

সর্বশেষ বহিষ্কারাদেশে বলা হয়, থানচি উপজেলা প্রশাসন কর্তৃক নিয়োগপ্রাপ্ত পর্যটক গাইড সাশৈথোয়াই মারমা, পিতা—চাই অং প্রু মারমা প্রশাসনের নিয়ম অমান্য করে পর্যটকদের সঙ্গে অসদাচরণ করেন।

অফিস আদেশ অনুযায়ী, গত ৮ আগস্ট পর্যটন তথ্যসেবা কেন্দ্রের সামনে পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফয়সাল স্বাক্ষরিত অফিস আদেশে সংশ্লিষ্ট গাইডকে পর্যটক গাইড হিসেবে বহিষ্কারের কথা জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনিক, আইনশৃঙ্খলা ও পর্যটনসংশ্লিষ্ট দপ্তর ও সংগঠনগুলোকে অবহিত করা হয়েছে।

এর আগে ২ আগস্ট একজন এবং ৬ আগস্ট আরও দুজন গাইডকে বহিষ্কার করা হয়েছিল। ফলে চলতি মাসে এ পর্যন্ত মোট তিনজন পর্যটক গাইড বহিষ্কারাদেশ পেলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আর-ফয়সাল বলেন, ‘থানচির পর্যটন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও পর্যটকবান্ধব করতে হলে নিবন্ধিত গাইডদের নিয়মিত প্রশিক্ষণ, আচরণবিধি সম্পর্কে সচেতনতা এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা—এই তিনটি বিষয় নিশ্চিত করা জরুরি।’

বান্দরবানের থানচি পর্যটননির্ভর এলাকা। পাহাড়, ঝরনা, খুম, নদী ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা সেখানে যান। পর্যটকদের নিরাপত্তা, সঠিক দিকনির্দেশনা ও সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে স্থানীয় পর্যটক গাইডদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত