
বাগেরহাট শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে বাগেরহাট শহরের শহীদ মিনার-সংলগ্ন এলাকা থেকে সুমন পাইক (৪০) নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। সুমন পাইক বাগেরহাট পৌর যুবদলের আহ্বায়ক। তাঁর বাড়ি শহরের খারদ্বার এলাকায়।
২০ মার্চ সন্ধ্যার আগমুহূর্তে শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ঈদের দিন থেকে বাগেরহাট শহরের দুটি তেলপাম্প বন্ধ রয়েছে। রোববার বিকেলে খানজাহান আলী ফিলিং স্টেশনের সামনে ওই ঘটনার প্রতিবাদে ‘অনির্দিষ্টকালের জন্য পাম্প বন্ধ’-সংক্রান্ত ‘বিশেষ বিজ্ঞপ্তি’ টানিয়ে দেওয়া হয়।
এই বিজ্ঞপ্তিতে লেখা হয়, বাগেরহাটের চিহ্নিত কিছু সন্ত্রাসী খানজাহান আলী ফিলিং স্টেশনে লুটপাট, ভাঙচুর ও মালিক-কর্মচারীদের জীবননাশের উদ্দেশ্যে মারধর করে। চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত খানজাহান আলী ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
এই ঘটনায় পাম্পের অন্যতম মালিক মুর্শিদ কুলি খান বাদী হয়ে রোববার চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার সুমন পাইক ওই মামলার এক নম্বর আসামি।
এজাহারে উল্লেখ করা হয়, ‘তেলের বাড়তি চাপ ও সংকটের কারণে মোটরসাইকেলপ্রতি ২০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। ২০ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে পাম্পে তেল দেওয়ার সময় আসামিরা ফিলিং স্টেশনে অনধিকার প্রবেশ করে নিয়ম ভেঙে বেশি টাকার তেল দাবি করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। নিষেধ করা হলে সুমন পাইকের নির্দেশে আসামিরা আমাকে (মুর্শিদ কুলি খান) এলোপাতাড়ি মারধর শুরু করে। তখন কর্মচারী তানবির মল্লিক, মো. সাইফুল ইসলাম ও মো. রেজোয়ান উদ্ধারে এগিয়ে এলে আসামিরা তাদেরও মারধর করে। এতে আমি, তানবির মল্লিক, মো. সাইফুল ইসলাম গুরুতর আহত হই। এ সময় আসামিরা কর্মচারীদের কাছে থাকা তেল বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়।
মুর্শিদ কুলি খান বলেন, ‘পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। আমরা ডিপো থেকে তেল প্রাপ্তি সাপেক্ষে আগামীকাল থেকে পাম্পের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করব।’
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খান জাহান আলী ফিলিং স্টেশনে মারধরের মামলায় এজাহার নামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করছে।

জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কুড়িগ্রাম সদরে গুচ্ছগ্রামের বন্দোবস্তকৃত জমিসহ খাস জমি ব্যক্তিমালিকানায় নামজারি করে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আরিফুল ইসলামের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার চাপাপুর-নশরতপুর ভায়া বিহিগ্রাম সড়কটির সংস্কারের কাজ ছয় মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা দুই বছরেও শেষ হয়নি। ফলে সড়ক দিয়ে চলাচল করা ১০ গ্রামের মানুষ ভোগান্তি পোহাচ্ছে। সেই সঙ্গে সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
২ ঘণ্টা আগে
দলের লোককে ঠিকাদারি কাজের অংশীদার না করায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) আবু সাঈদ চাঁদ রেলওয়ের একটি কাজ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাতে বাঘার আড়ানী রেলওয়ে স্টেশনে গিয়ে কাজ বন্ধ করেন তিনি।
৩ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের গোলজার হোসেন (৫০) একসময় অভাবের তাড়নায় দিনমজুরি করতেন। এখন তিনি এলাকায় পরিচিত ধানখেতে মাছ চাষের সফল উদ্যোক্তা হিসেবে। তিনি শুধু নিজের ভাগ্যই বদলায়নি, তাঁর দেখানো পথে সচ্ছলতা এসেছে গ্রামের আরও অনেক পরিবারে।
৫ ঘণ্টা আগে