Ajker Patrika

রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাহত ওসি ও এসআই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৬ জুন ২০২৬, ২২: ৪৬
রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাহত ওসি ও এসআই
প্রতীকী ছবি

রাজধানীর আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে গিয়ে ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং এক উপপরিদর্শক (এসআই)। তাঁদের দুজনের শরীরে কোপ লেগেছে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের ছোঁড়া গুলিতে আহত হয় সন্দেহভাজন দুই ছিনতাইকারী।

আদাবরের শেখেরটেকে ডেল্টা গার্মেন্টসের পেছনে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এই হামলা হয়। ঘটনাস্থল থেকে মো. সজিব হোসেন রুবেল (২৮), মো. আমির (২৮), মো. জয় (২৮) ও মো. কাশেম (২৮) নামের চারজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

আদাবর থানার পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে আদাবরের মফিজবাগের ৭ নম্বর সড়কের মাথায় এক বিকাশ এজেন্টের দোকানে ঢুকে ধারালো অস্ত্রের মুখে ক্যাশ থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। বাধা দিতে গেলে বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে (৩৯) চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে টাকা নিয়ে তারা চলে যায়। আহত শফিকুলকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বা পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়।

আহত শফিকুলের পরিবার জানায়, দুই যুবক দোকানে ঢুকে ক্যাশ থেকে টাকা নেওয়ার চেষ্টা করলে শফিকুল বাধা দেন। তখন দুর্বৃত্তরা তাঁর বাঁ হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয় এবং ক্যাশের টাকা নিয়ে পালিয়ে যায়।

রাতে বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ওই ছিনতাইকারীদের ধরতে ঘটনার পরপরই অভিযান শুরু করে আদাবর থানার পুলিশ। বিকেলে ডেল্টা গার্মেন্টসের পেছনে সন্দেহভাজন ছিনতাইকারীদের অবস্থানের খবর পেয়ে সেখানে যায় পুলিশ।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনেরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও এসআই তরুণ কুমার আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে রুবেল ও আমির নামের দুজন গুলিবিদ্ধ হন। পরে তাঁদের গ্রেপ্তার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে আরও দুই সন্দেহভাজন কাশেম ও জয়কে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলাকারীরা ওসির মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা ঠেকান। এ সময় তাঁর হাতে কোপ লাগে। এসআই তরুণের হাতেও গুরুতর জখম হয়। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে একটি ছুরি, একটি চাপাতি, একটি স্টিলের পাইপ, দুটি হাতুড়ি, একটি পিভিসি পাইপ এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের কথা জানানো হয়।

পুলিশ বলেছে, গ্রেপ্তার চারজনই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সকালে শেখেরটেকের ছিনতাইয়ের সঙ্গে তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। লুণ্ঠিত টাকা ও মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে অভিযান চলছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর ২২ মাসে মোহাম্মদপুর-আদাবরসহ সারা দেশে পুলিশের ওপর ১ হাজার ৬১টি হামলা হয়েছে। এই হিসাবে প্রতি মাসে গড়ে পুলিশের ওপর ৪৮টি হামলা হয়েছে। এর মধ্যে চলতি বছরের প্রথম পাঁচ মাসে ২৬৯টি হামলার ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত