
পবিত্র রমজানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বাজারে হঠাৎ চড়া হয়েছে লেবুর দাম। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রতিটি লেবুর দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। বর্তমানে মাঝারি আকারের একটি লেবু কিনতে গুনতে হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, যা এক মাস আগের তুলনায় কয়েক গুণ বেশি।
ব্রাহ্মণপাড়ার একাধিক বাজার ঘুরে দেখা গেছে, মাসখানেক আগে একই মানের লেবু হালি (চারটি) ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যেত। এরপর দুই সপ্তাহের মধ্যে দাম বেড়ে দাঁড়ায় ৬০-৭০ টাকায়। বর্তমানে সেই লেবুই বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে দাম প্রায় চার গুণ বেড়েছে।
উপজেলার সদর বাজারে লেবু কিনতে এসে একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, প্রতিবছর রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ান। এক ক্রেতা বলেন, ‘একটি লেবুর দাম ৩০ থেকে ৪০ টাকা চাওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের পক্ষে বাজার করা কঠিন হয়ে যাবে।’
শুধু লেবুই নয়, কাঁচা মরিচের দামও বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৮০ থেকে ২০০ টাকায় উঠেছে। রমজান মাস ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের বাজারে এমন অস্থিরতায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের।
বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় তাঁদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এক ব্যবসায়ী বলেন, ‘আমরা বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে পারি না।’
বাজার তদারকির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ‘বাজার পরিস্থিতি আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। অযৌক্তিকভাবে দাম বাড়ানোর প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। আজ বুধবার সকাল থেকে মহাসড়কে যানজটের কবলে পড়ে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে, রাস্তায় যানবাহনে থাকা অসুস্থ রোগী, নারী ও শিশুরা দুর্ভোগে পড়েছে।
৮ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর লাশ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী আয়েশা বেগম (৬০)। আজ বুধবার ভোরে উপজেলার শুভপুর ইউনিয়নের বগৈর গ্রামে হৃদয়বিদারক ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ঢাল থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া গাবতলী এলাকার আড়িয়াল খাঁ নদী-সংলগ্ন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
খুলনার তেরখাদা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মধুপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে