কুমিল্লায় স্বামীর লাশ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর লাশ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী আয়েশা বেগম (৬০)। আজ বুধবার ভোরে উপজেলার শুভপুর ইউনিয়নের বগৈর গ্রামে হৃদয়বিদারক ঘটনা ঘটে।
আয়েশা বেগম বগৈর গ্রামের হাবিবুর রহমান ভূঁইয়া হাবিবের স্ত্রী। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হার্ট অ্যাটাকে মারা যান ৭০ বছর বয়সী হাবিবুর।
হাবিবের ছোট ভাই আব্দুল হালিম বলেন, ‘তাঁর ভাই হাবিবুর একই ইউনিয়নের কলাবাগান বাজারের বিসিআইসির সারের ডিলার। গতকাল দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তাঁর হার্ট অ্যাটাক হলে আমরা তাঁকে কুমিল্লা শহরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আমরা ভোরে তাঁর লাশ বাড়িতে নিয়ে আসি। আমার ভাবি আয়েশা বেগম স্বামীর লাশ দেখে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে কুমিল্লা শহরের একই বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাবিব-আয়েশা দম্পতির সংসারে দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে। আজ বুধবার রাত ৮টায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে পাশাপাশি কবরে স্বামী-স্ত্রী—দুজনকে দাফন করা হবে।









