
ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে শরীয়তপুরের এক যুবককে লিবিয়ায় নিয়ে অমানুষিক নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে করা মামলায় সেলিম শিকদার (৪০) ও হারুন খাঁ (৫৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
গতকাল বুধবার রাতে শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন সদর উপজেলার দড়িহাওলা গ্রামের মুনসুর শিকদারের ছেলে সেলিম শিকদার ও একই গ্রামের মৃত হালান খাঁর ছেলে হারুন খাঁ।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সেলিম শিকদার, হারুন খাঁসহ একটি চক্র দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, তাঁরা ইতালিতে লোক নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করতেন।
মামলার অভিযোগ অনুযায়ী, চিতলিয়া ইউনিয়নের দড়িহাওলা গ্রামের লিটন সরদারের ছেলে সাইফুল সরদারকে (২৫) সরাসরি ইতালি নেওয়ার জন্য আসামিদের সঙ্গে ২১ লাখ টাকায় চুক্তি করা হয়।
অভিযোগে বলা হয়, টাকা নেওয়ার পর পাচারকারীরা ২০২৫ সালের ২৭ অক্টোবর সাইফুলকে ইতালি নেওয়ার কথা বলে প্রথমে সৌদি আরব, পরে মিসর হয়ে লিবিয়ায় নিয়ে যায়। পরে তাঁকে একটি মানব পাচারকারী চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে সাইফুলকে আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের ছবি ও ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয়।
মামলায় আরও বলা হয়েছে, নির্যাতনের একপর্যায়ে সাইফুলের হাতের আঙুল কেটে ফেলা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে কোপ দেওয়া হয়। সেই নির্যাতনের ভিডিও পরিবারে পাঠানো হলে তাঁরা দিশেহারা হয়ে পড়েন।
পরিবারের অভিযোগ, সাইফুলকে মুক্ত করতে সেলিম ও হারুনের মাধ্যমে জমি বিক্রি ও ধারদেনা করে আরও ৩০ লাখ টাকা পাঠানো হয়। কিন্তু মোট ৫১ লাখ টাকা দেওয়ার পরও সাইফুলকে মুক্তি দেওয়া হয়নি। এক মাস ধরে তাঁর কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।
গতকাল সাইফুলের পরিবার মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনাল, শরীয়তপুরে মামলা করে। মামলায় সেলিম শিকদার, তাঁর স্ত্রী আইরিন বেগম ও মামা হারুন খাঁকে আসামি করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে পালং মডেল থানায় নথিভুক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ পাওয়ার পর ওই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে সেলিম শিকদার ও হারুন খাঁকে গ্রেপ্তার করে।
আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
সাইফুলের বাবা লিটন সরদার বলেন, ‘জায়গাজমি, সোনা-গয়না বিক্রি করে এবং ধারদেনা করে ৫১ লাখ টাকা দিলেও আমার ছেলের মুক্তি মেলেনি। এক মাস ধরে আমার ছেলের কোনো খবর নাই। আমি আমার ছেলেকে চাই, মানব পাচারকারীদের বিচার চাই।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘গতকালই আদালত থেকে মামলার কপি থানায় আসে। আদালতের নির্দেশে মামলাটি থানায় নথিভুক্ত করে গতকালই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাই। সেলিম শিকদার ও হারুন খাঁ নামের দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

নৈতিক স্খলনের অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু তাঁর সংসদ সদস্যপদ শূন্য ঘোষণার বিষয়ে স্পিকার বা কমিশনকে কিছু বলেনি জামায়াত। এই অবস্থায় স্পিকার যদি নির্বাচন
৯ মিনিট আগে
ঢাকার ধোলাইপাড় এলাকায় ভাড়া বাসায় থাকত জিকিরুল ওরফে জুয়েল মৃধা দম্পতি। গত বৃহস্পতিবার গভীর রাতে জিকিরুল ওরফে জুয়েল মৃধা তাঁর স্ত্রী মোসা. ইয়ানুর বেগমকে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। হত্যার পর থেকে ইয়ানুরের স্বামী জিকিরুল ওরফে জুয়েল মৃধা পলাতক।
২১ মিনিট আগে
আগামী ১ বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
২৭ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে সরকারি অর্পিত (ভিপি) জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত ব্যক্তির ছোট ভাই রিফাত হোসেন। মামলার ১৫ নম্বর আসামি করা হয়েছে স্থানীয় এক সাংবাদিককে। তবে ওই সাংবাদিকের দাবি, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থ
২৮ মিনিট আগে