
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা আরও এক মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তাঁর ভাই রুপন ভূঁইয়াকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত এনু ও রুপনকে ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মাসুদ পারভেজ এই রায় দেন।
রায়ে এনু-রুপনের ভাই শহিদুল হক ভূঁইয়া, রশিদুল হক ভূঁইয়া ও মিরাজুল হক ভূঁইয়া শিপলু এবং তাঁদের সহযোগী তুহিন মুন্সি, নবীর হোসেন সিকদার, সাইফুল ইসলাম ও জয় গোপাল সরকার এই ৭ জনকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের ১৭ লাখ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে ৩ মাস কারা ভোগ করতে হবে বলে রায় বলা হয়েছে।
এ ছাড়া এই মামলার ঘটনায় উদ্ধারকৃত ১৭ লাখ ১৬ হাজার ৩০০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
রায় ঘোষণার সময় গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এনামুল হক এনু ও একই ইউনিটের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়াকে আদালতে হাজির করা হয়। তাঁদের ভাই শহিদুল, রশিদুল ও সহযোগী নবীর হোসেনকেও কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানাসহ তাঁদের কারাগারে পাঠানো হয়।
জামিনপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম ও জয় গোপাল আদালতে হাজির হন। রায়ের পরে সাজা পরোয়ানাসহ তাদের কারাগারে পাঠানো হয়। অপর ২ আসামি মেরাজুল ও তুহিন পলাতক থাকে তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার ঘটনার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর র্যাব-৩ এর একটি দল রাত ১১টা ৩০ মিনিটের সময় রাজধানীর সূত্রাপুর থানাধীন বানিয়াগরের ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় রুপন ভূঁইয়ার শোয়ার ঘরের ভেতর দুটি লোহার সিন্দুক থেকে বিপুল পরিমাণ সোনার অলংকার ও টাকা উদ্ধার করে।
মামলার এজাহার থেকে জানা যায়, একটি সিন্দুক থেকে ১৭ লাখ ১৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করে র্যাব। আরেকটি সিন্দুক থেকে বিভিন্ন প্রকার স্বর্ণালংকার যার মোট ওজন ৫ হাজার ১৬৩ গ্রাম। অলংকারগুলোর মোট মূল্য আড়াই কোটি টাকা।
এ ঘটনায় ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর র্যাব-৩ এর পুলিশ পরিদর্শক মো. আবুল বাশার সূত্রাপুর থানায় মানি লন্ডারিংয়ের অভিযোগে রুপনের বিরুদ্ধে একটি মামলা করেন। একই সঙ্গে স্বর্ণালংকার উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করেন।
মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলাটি তদন্ত করেন সিআইডির ইকোনমিক ক্রাইম স্কোয়াড অর্গানাইজড ইউনিটের পুলিশ পরিদর্শক মো. মেহেদী মাকসুদ। ২০২১ সালের ৭ জুলাই তদন্ত শেষে তিনি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে এনু-রুপনসহ ১০ জনকে আসামি করা হয়।
আদালত ২০২১ সালের ২৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালে এজাহার দায়েরকারী ও তদন্ত কর্মকর্তাসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলার তদন্তকালে তিনজন আসামি মো. সাইফুল ইসলাম, তুহিন মুন্সী ও নবীর হোসেন শিকদার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা আদালতকে জানান, এনু ও রুপন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ভিক্টোরিয়া ক্লাব, মালিবাগ সৈনিক ক্লাব ও পল্টনের জামাল টাওয়ারে ক্যাসিনো ব্যবসার পরিচালনার মাধ্যমে অবৈধভাবে এনু ও রুপন কোটি কোটি টাকা আয় করেছেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, অবৈধভাবে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িয়ে কোটি কোটি টাকা বেআইনিভাবে আয় করা এবং সেই টাকা ব্যাংকে না রেখে নিজেদের হেফাজতে রেখে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন এনু ও রুপন।
অভিযোগপত্রে আরও বলা হয়, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ১২১টি ফ্ল্যাট ও প্লট, মুন্সীগঞ্জের সিরাজদিখান ও কেরানীগঞ্জের তেঘরিয়ায় মোট ১২১টি ফ্ল্যাট ও প্লট তাদের নামে নিবন্ধিত রয়েছে। সিআইডি আরও জানতে পেরেছে, ইনু ও রুপনের ৯১টি ব্যাংক অ্যাকাউন্টে ২৬ কোটি টাকা এবং ঢাকায় তারা ১২১টি ফ্ল্যাটের মালিক।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে ক্যাসিনো বিরোধী অভিযানের সময় এনু ও রুপন ও পলাতক হন। এ সময় তাদের রাজধানী এবং কেরানীগঞ্জের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং টাকা উদ্ধার করে র্যাব। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মোট ৭টি মামলা হয়।
পরবর্তীতে ২০২০ সালের জানুয়ারিতে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক চারটি মামলা করে। মামলায় এনামুলের বিরুদ্ধে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আর রুপনের বিরুদ্ধে ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
ইতিপূর্বে এনু ও রুপনের বিরুদ্ধে দায়ের করা মামলার দুটির রায় দেওয়া হয়েছে। ২০২২ সালের ২৫ এপ্রিল ওয়ারী থানায় দায়ের করা ২ কোটি টাকা পাচারের মামলায় এনু-রুপনসহ ১১ জনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
২০২৩ সালের ২৮ নভেম্বর আরও একটি অর্থপাচারের মামলায় ঢাকার আরেকটি আদালত দুই ভাইকে সাত বছর করে কারাদণ্ড দেন এবং বায়ান্ন কোটি ৮৮ লাখ টাকা জরিমানা করেন।

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ান ঘিরে নানা প্রশ্ন ও অধিকতর তদন্তের দাবির মধ্যেই মামলার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে। কোতোয়ালি থানার পরিবর্তে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)।
১৪ মিনিট আগে
জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
৫ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
৫ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
৬ ঘণ্টা আগে