
রাজধানীর রমনা কালীমন্দির প্রাঙ্গণে ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে চাল, ডাল, তেল, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ। আজ বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহযোগিতায় দিনব্যাপী এই আয়োজন করা হয়।
বাজার ঘুরে দেখা যায়, পণ্য কিনতে আসা ব্যক্তিরা প্রথমে নির্ধারিত স্থান থেকে টোকেন সংগ্রহ করছেন। পরে সেই টোকেন দেখিয়ে বিভিন্ন স্টল থেকে পছন্দের পণ্য কিনছেন তাঁরা। মন্দির প্রাঙ্গণে সাজানো স্টলগুলোতে খাদ্যসামগ্রী, শিশুদের পোশাক, স্কুলব্যাগসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য রাখা হয়েছে।
আয়োজকদের দেওয়া তালিকা অনুযায়ী, এক কেজি চাল ও এক কেজি লবণের দাম রাখা হয়েছে ৫০ পয়সা। এক কেজি মসুর ডাল, এক ডজন ডিম, এক প্যাকেট বিস্কুট, হ্যান্ডওয়াশ ও টয়লেট ক্লিনারের প্রতিটির দাম এক টাকা। এক লিটার সয়াবিন তেল, দুই কেজি আটা, দুই কেজি ময়দা ও এক কেজি চিনিও বিক্রি করা হচ্ছে স্বল্পমূল্যে। শিশুদের কাপড়ের দাম দুই টাকা, স্কুলব্যাগ ও ছোটদের শার্ট-প্যান্ট তিন টাকা, লুঙ্গি চার টাকা এবং শাড়ি ও পাঞ্জাবির দাম পাঁচ টাকা।
বিনা মূল্যে পণ্য বিতরণের পরিবর্তে প্রতীকী মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আয়োজকদের ভাষ্য, এর মাধ্যমে সহায়তা গ্রহণকারীদের আত্মমর্যাদা বজায় রাখা ও তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করাই এই উদ্যোগের উদ্দেশ্য।
আয়োজকেরা জানান, দুর্গাপূজা উপলক্ষে এ বছর সহস্রাধিক পরিবারের কাছে উপহার পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৫০ হাজার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াচ্ছে। এক টাকায় এক ডজন ডিম ও পাঁচ টাকায় শাড়ি দেওয়ার মতো উদ্যোগ মানুষের আত্মমর্যাদা বজায় রেখে সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করেছে। তিনি জানান, এ কর্মসূচিতে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য নিম্ন আয়ের মানুষও উপকৃত হচ্ছেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, দীর্ঘদিনের সংকটের কারণে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। তাই সবাইকে ধৈর্য, সহনশীলতা ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ও অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন আবদুস সালাম।
ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভাজন তৈরি না করে সবাইকে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের বিষয়ে প্রশাসক জানান, ডিএসসিসির আওতাধীন ১৬৮টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
৬ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
৯ মিনিট আগে
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
১১ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
১৪ মিনিট আগে