
বরিশালের মেহেন্দীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় নজরুল সরদারকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের বড় ভাই হারুন সরদারসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে নিহত নজরুলের স্ত্রী নাজমিন নাহার বাদী হয়ে কাজীরহাট থানায় মামলাটি করেন। আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে থানা-পুলিশ।
নিহত নজরুল সরদার (৪২) আন্ধারমানিক (ঘোলেরহাট) গ্রামের মৃত কাঞ্চন সরদারের ছেলে। গতকাল বেলা দেড়টার দিকে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ঘোলেরহাট জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মামলা ও নিহত নজরুলের পরিবারের সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গতকাল দুপুরে হারুন সরদার তাঁর সহযোগীদের নিয়ে মসজিদে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে নজরুল সরদারকে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে মুসল্লিরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী নাজমিন নাহার বাদী হয়ে হারুন সরদারসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিনজনসহ আটজনকে আসামি করে মামলা করেন।
নিহত নজরুলের স্ত্রী নাজমিন নাহার জানান, তাঁর স্বামী নজরুল সৌদি আরবে চাকরি করতেন। প্রায় চার মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। গত শনিবার (২০ জুন) তাঁর সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য তিনি পাঁচদিন ছুটি বাড়িয়েছিলেন। গতকাল তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।
স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘রোববার সবাই জোহরের নামাজ পড়তেছিল। তৃতীয় রাকাতে গিয়ে হঠাৎ পেছনে চিৎকার শুনতে পাই। আতঙ্কিত হয়ে নামাজ ছেড়ে দিয়ে পেছনে তাকিয়ে দেখতে পাই, হারুন সরদার একটি লম্বা ছুরি দিয়ে তারই সেজ ভাই নজরুলকে পায়ে, হাতে ও পেটে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছেন। বাধা দিতে গেলে তিনি চারদিকে ছুরি ঘোরাতে শুরু করেন। ওই সময় কবির নামের এক মুসল্লি আহত হন।’
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, আন্ধারমানিক গ্রামে মসজিদে হত্যার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় শিক্ষক শরীফুল ইসলাম ও শিক্ষার্থী সাজিদুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১ মিনিট আগে
বরিশাল নগরীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কোরীয় প্রতিষ্ঠান বায়োলটেকের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সোমবার বিকেল ৪টায় নগর ভবনে এ চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির অধীনে আধুনিক প্রযুক্তি ও ইনসিনারেশন পদ্ধতিতে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বর্জ্য সমস্যা...
৭ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় তিনটি সার কারখানা পরিদর্শন করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইসলামী ব্যাংকসহ পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী পুনর্বহালসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার সকাল থেকে চলা এ কর্মসূচিতে গভর্নরের দৃষ্টি আকর্ষণ করে সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়।
১ ঘণ্টা আগে