Ajker Patrika

চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত ১০ হাজার কর্মীর মানববন্ধন, পুনর্বহালসহ ১০ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত ১০ হাজার কর্মীর মানববন্ধন, পুনর্বহালসহ ১০ দফা দাবি
চট্টগ্রাম নগরীতে বাংলাদেশ ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সামনে ভুক্তভোগীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে ইসলামী ব্যাংকসহ দেশের পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীর পুনর্বহালসহ ১০ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। আজ সোমবার সকাল থেকে চট্টগ্রাম নগরীর বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দৃষ্টি আকর্ষণ করে ১০টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর একটি প্রভাবশালী গোষ্ঠীর প্রভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিতে ব্যাপক হারে ছাঁটাই ও প্রশাসনিক হয়রানি করা হয়েছে।

এই অবস্থায় ভুক্তভোগীরা অন্যায়ভাবে চাকরিচ্যুত সব কর্মকর্তা-কর্মচারীকে তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধাসহ অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন। পাশাপাশি দক্ষ, অভিজ্ঞ এবং পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্গঠন এবং ব্যাংকিং খাতে করপোরেট সুশাসন নিশ্চিত করার দাবি জানানো হয়।

আন্দোলনকারীরা ব্যাংকের সব পর্যায়ে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানান। প্রত্যক্ষ রাজনীতিতে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তাঁরা।

দাবির মধ্যে আরও রয়েছে, ব্যাংকের কাউন্টারে পর্যাপ্ত নগদ অর্থ থাকা সত্ত্বেও যেসব কর্মকর্তা গ্রাহকদের টাকা না দিয়ে কৃত্রিম সংকট ও আতঙ্ক তৈরি করছেন, তাঁদের চিহ্নিত করে ব্যাংক কোম্পানি আইনের ৫৭ ধারা অনুযায়ী শাস্তির আওতায় আনা। একই সঙ্গে ৫ আগস্টের পর ব্যাংকিং খাতে সংঘটিত সব অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া এক ভুক্তভোগী কর্মকর্তা বলেন, ‘৫ আগস্টের পর মানবসম্পদ (এইচআর) নীতিমালা না মেনেই আমাদের শাস্তিমূলক বদলি, আইডি ইন-অ্যাকটিভ এবং সর্বশেষে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত