
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বালুঘাটকে কেন্দ্র করে বিএনপি নেতা নাসিরুল ইসলামকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় হওয়া মামলার এক আসামিকে স্থানীয় একটি অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তার সঙ্গে একই মঞ্চে দেখা গেছে। এ ঘটনায় আসামি গ্রেপ্তারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, ৫ জুলাই বিকেলে ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন বাহিরচর ইউনিয়নের চর রূপপুর গ্রামের বাসিন্দা নাসিরুল ইসলাম (৫৩)। তিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বালু ব্যবসায়ী।
মামলার এজাহার অনুযায়ী, সেদিন বিকেল ৪টার দিকে বালু বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা নাসিরুল ইসলামের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে পিঠে ও পায়ে গুলি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরদিন আহতের ছেলে মাহাফুজুর রহমান বাদী হয়ে ভেড়ামারা থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েলকে প্রধান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মকলেচুর রহমানকে দ্বিতীয় আসামি করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
এরই মধ্যে গতকাল শনিবার বিকেলে জুনিয়াদহ মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে মামলার দ্বিতীয় আসামি মকলেচুর রহমানকে অতিথিদের মঞ্চে দেখা যায়। একই মঞ্চে স্থানীয় কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে এসআই আব্দুস সালাম বলেন, ‘আমি অনুষ্ঠানের মঞ্চে ছিলাম। তবে আমার পাশে কে ছিলেন, তা জানি না। মকলেচুর রহমান নামের ওই ব্যক্তিকেও আমি চিনি না।’
অভিযোগের বিষয়ে মকলেচুর রহমান দাবি করেন, ‘আমি এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে আছি।’
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মাঈদুল ইসলাম রাজিব বলেন, ‘এ মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক।’ আসামিরা জামিনে আছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাঁরা জামিনে আছেন—এমন কোনো তথ্য বা আদালতের কাগজপত্র আমাদের কাছে নেই।’
মামলার বাদী মাহাফুজুর রহমান বলেন, ‘আমার বাবা আগের চেয়ে ভালো আছেন। আমরা মামলা করেছি, এখন আসামিদের গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব।’
বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, ‘আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ বলছে তাঁরা পলাতক। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
এ বিষয়ে বক্তব্য জানতে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সাবেক এক কর্মকর্তাকে আট বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নোয়াখালীর বিশেষ জজ আদালত। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত ৩৮ লাখ ৪৮ হাজার ৫৮৬ টাকা ৯০ পয়সার সম্পদ বাজেয়াপ্ত করেছেন আদালত।
১ সেকেন্ড আগে
‘স্বল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত, নগরায়ণের ফলে পানি ধারণক্ষমতা কমে যাওয়া, অনেক জায়গায় ড্রেন ও খাল ভরাট বা সংকুচিত হওয়া, অপরিকল্পিত বর্জ্য ফেলার কারণে পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়া এবং দীর্ঘদিনের পুরোনো ড্রেনেজ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ...
৪ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় গুজব ছড়িয়ে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩৬ মিনিট আগে
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, বড় হরিণা ও বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ৪৭টি আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৮২০ জন আশ্রয় নিয়েছেন। সড়ক ও নৌপথে বিঘ্ন ঘটায় দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রশাসন।
৪৪ মিনিট আগে