Ajker Patrika

ফরিদপুরে আইনজীবীর বাড়িতে ডাকাতির অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি 
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ১০
ফরিদপুরে আইনজীবীর বাড়িতে ডাকাতির অভিযোগ
ফরিদপুরের আলফাডাঙ্গায় সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজুল ইসলামের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজুল ইসলামের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা তাঁর মা ও বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদের হামলায় আইনজীবীর বাবা আলফাডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রধান অফিস সহকারী মোহাম্মদ আলী (৬৩) আহত হয়েছেন। তাঁকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় আজ সোমবার দুপুরে আহত মোহাম্মদ আলী বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, রাতের খাবার শেষে সাড়ে ১১টার দিকে তিনি ও তাঁর স্ত্রী ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ৫-৬ জনের একটি ডাকাত দল বারান্দার দরজার গ্রিল কেটে এবং গেস্ট রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে ওই বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে ফেলে।

এ সময় বাধা দিলে মোহাম্মদ আলীকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ডাকাতেরা ঘরের আলমারি, ওয়ার্ডরোব ও ফাইল কেবিনেট ভেঙে আনুমানিক ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এজাহারে যে ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে, তা সঠিক নয়।’

এ ছাড়া এজাহারে ৫-৬ জন ডাকাতের কথা বলা হলেও ওসি বলেন, ‘এটি সঠিক নয়। মূলত ওই বাড়িতে চোর প্রবেশ করে কিছু মালামাল চুরি করেছে। তখন চোরের লাঠির আঘাতে একজন আহত হয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত