Ajker Patrika

বাঁশ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রকাশ্যে দিনমজুরকে কুপিয়ে হত্যা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
বাঁশ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রকাশ্যে দিনমজুরকে কুপিয়ে হত্যা
নিহত শফিকুল ইসলামের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দেবিদ্বারে বাঁশঝাড়ের মালিকানা ও বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের খোদাইচর রাস্তায় এই ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম (৪৫) বারুর গ্রামের মৃত মুহাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং বাঁশ-বেতের তৈরি গৃহস্থালি সামগ্রী বিক্রি করে পরিবার চালাতেন।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ বিকেলে বাড়ির পাশের নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যান শফিকুল। এ সময় একই বাড়ির মৃত এনু মেম্বারের ছেলে লিমন (৪৭) ও লিমনের ভাতিজা নিশাদ (২৬) গিয়ে তাঁকে বাধা দেন। বাঁশঝাড়টি নিজের দাবি করায় শফিকুলের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

একপর্যায়ে লিমন ও নিশাদ ছোরা, দা ও হাতুড়ি নিয়ে শফিকুলের ওপর হামলা চালান। অভিযোগ ওঠে, নিশাদ হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে শফিকুলকে গুরুতর আহত করেন। আর লিমন পেটে ছোরা দিয়ে সজোরে আঘাত করলে শফিকুলের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নার্গিস আক্তার বলেন, ‘চোখের সামনে ওরা আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলল। আমাকেও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করেছে। আমি আমার স্বামীকে বাঁচাতে পারলাম না। আমার সন্তানদের নিয়ে এখন কোথায় যাব, কীভাবে চলব।’

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত