চৌদ্দগ্রামে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ফোনের ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।
আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে শিবের বাজার বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা নামক স্থানে অভিযান চালিয়ে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজর মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









