Ajker Patrika

দুঃসময়ের ত্যাগী নেতা মোক্তল হোসেনকে সংবর্ধনা দিল স্থানীয় বিএনপি

কুমিল্লা প্রতিনিধি
দুঃসময়ের ত্যাগী নেতা মোক্তল হোসেনকে সংবর্ধনা দিল স্থানীয় বিএনপি
কুমিল্লায় গতকাল শনিবার রাতে বিএনপির প্রবীণ নেতা অসুস্থ মোক্তল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

রাজনীতির দীর্ঘ পথচলায় কখনো ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, কখনো গ্রাম সরকারের নির্বাচিত প্রধান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগ দিয়ে দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দায়িত্ব পালন করেছেন উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। বয়সের ভারে ন্যুব্জ এই প্রবীণ নেতা বর্তমানে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। রোগের কারণে অনেকটাই হারিয়েছেন বাকশক্তি। তবু দলের নেতা-কর্মীদের কাছে তিনি একজন ত্যাগী ও পরীক্ষিত অভিভাবক। সেই প্রবীণ নেতা মোক্তল হোসেন সর্দারকে (৮০) সংবর্ধনা দিয়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে স্থানীয় বিএনপি।

গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর হাইস্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণ এই নেতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ভিপি ওয়াসিমের নির্দেশনায় দলের দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়নের অংশ হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোক্তল হোসেন সর্দারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পাঁচথুবী ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ মোক্তল হোসেন সর্দার। স্থানীয়ভাবে তিনি ১২ সমাজের সর্দার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গ্রাম সরকারের নির্বাচিত প্রধান হিসেবে সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে ভূমিকা রেখেছেন। স্থানীয়দের কাছে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবেও পরিচিত।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে আদর্শ সদর উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি। বর্তমানে সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের কঠিন সময়েও তাঁর রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক ভূমিকার কারণে স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।

তবে জীবনের শেষ প্রান্তে এসে কঠিন সময় পার করছেন এই প্রবীণ নেতা। বর্তমানে ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রোগের কারণে অনেকটাই হারিয়েছেন বাকশক্তি। চিকিৎসার অংশ হিসেবে তাঁকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির নেতা মো. আজগর হোসেন ভূঁইয়া। বিশেষ আলোচক ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক। এ সময় আদর্শ সদর উপজেলা বিএনপির বৃক্ষরোপণবিষয়ক সম্পাদক হাসান আবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ সদর উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত