
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের গঠন করা কমিটি অনুপযুক্ত বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কমিটি পরিবর্তন করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে সাংবাদিকদের এ কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সাংবাদিকদের বলেন, সরকার যে কমিটি করেছে সেটিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) প্রেসিডেন্টকেও রাখা হয়েছে।
এ সময় তিনটি দাবি ঘোষণা করেন ওয়ালী উল্লাহ। তিনি বলেন, ‘আমাদের প্রথম দাবি, সরকার যে কমিটি করেছে সেটি অনুপযুক্ত। এই কমিটি পরিবর্তন করে নতুন করে গোছাতে হবে। দ্বিতীয় দাবি, কেন আমার ভাইদের ওপর লাঠিচার্জ করা হবে। এখানে দায়িত্বরত পুলিশের ডিসি আমাদের কাছে মাফ চাইবেন। তৃতীয় দাবি, সংশ্লিষ্ট তিন উপদেষ্টা এখন পর্যন্ত এখানে আসেননি, অথচ আমাদের মেধাবী ভাইবোনেরা কষ্ট পাচ্ছে, তাদের এখানে আসতে হবে।’
এই তিন দাবি তাৎক্ষণিক সমাধান না হওয়া পর্যন্ত তাঁদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান ওয়ালী উল্লাহ।
প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো. সাকিবুল হক লিপু বলেন, ‘পুলিশের হামলায় আমাদের প্রায় ৫০ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ আক্রমণ করেছে। যেসব পুলিশ আমাদের ওপর আক্রমণ করেছে, সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়েছে, কুকুরের মতো লাঠিপেটা করেছে; আমরা চাই যাদের হুকুমে এসব করেছে, তাদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নয়তো আমরা এখানে অবস্থান করব।’
এর আগে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করে সরকার। কমিটি গঠনের বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির সভাপতি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
কমিটির সদস্যরা হলেন—উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, প্রকৌশলী মো. কবির হোসেন, প্রকৌশলী তানভির মঞ্জুর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।
কমিটি প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশসহ প্রতিবেদন দেবে। কমিটি এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে।
উল্লেখ্য, তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রকৌশল শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। দাবি আদায়ে গতকাল বিকেলে তাঁরা শাহবাগ অবরোধ করেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আজ থেকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা। এই কর্মসূচি পালন করতে শিক্ষার্থীরা আজ সকালে বুয়েট ক্যাম্পাসে জড়ো হন। বুয়েটের প্রধান গেটের সামনের শহীদ মিনার এলাকা থেকে এই কর্মসূচি শুরু করেন তাঁরা। পরে মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা।
বেলা ১১টার পর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দাবি পূরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাঁরা। বেলা দেড়টার দিকে শাহবাগ থেকে সচিবালয়ের দিকে যেতে থাকেন তাঁরা। এ সময় শাহবাগ থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে এলে তাঁদের বাধা দেয় পুলিশ।
এ সময় শিক্ষার্থীরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ। জলকামান দিয়ে শিক্ষার্থীদের দিকে পানি ছোড়া হয়। ৮ থেকে ১০টি সাউন্ড গ্রেনেডসহ কাঁদানেগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে অবস্থান করছেন।

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামে এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১১ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তারকৃতদের নিয়ে অভিযান চালায় পুলিশ।
১৮ মিনিট আগে
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৩৪ মিনিট আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
৩৬ মিনিট আগে