Ajker Patrika

বাসভাড়া কমানোর দাবি

আগামীকালের অবরোধ কর্মসূচি স্থগিত, সময় নিলেন বাসমালিকেরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২৩: ১৫
আগামীকালের অবরোধ কর্মসূচি স্থগিত, সময় নিলেন বাসমালিকেরা
সোমবার রাতে উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামী দুই দিন বাসমালিকেরা যাত্রীদের কাছ থেকে ৫৯ টাকা ও শিক্ষার্থীদের কাছ থেকে ৩৪ টাকা ভাড়া নেবেন।

তরিকুল সুজন বলেন, ‘অবরোধ কর্মসূচির বিষয়টি নজরে আসার পর জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বাসমালিকেরা উপস্থিত ছিলেন। আলোচনায় স্থায়ী সুরাহা না হলেও বাসমালিকেরা আমাদের কাছ থেকে দুই দিনের সময় চেয়েছেন। দুই দিন সময় নিয়ে তাঁরা সিদ্ধান্ত জানাবেন।’

মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী বলেন, এখানে জেলা পরিষদের প্রশাসক ও এনডিএ চেয়ারম্যান সুপারিশ করেছেন এবং বাসমালিকদের দুই দিন সময় দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাঁদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকালের অবরোধ আপাতত স্থগিত রাখা হচ্ছে।

গতকাল রোববার ও আজ দিনভর অবরোধ সফল করতে মাইকিং করেন পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্যের নেতারা। রাতে শহরে মশালমিছিলও করেন শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে অবরোধ সফল করতে প্রচার চালানো হয়।

বাসভাড়া কমানোর দাবিতে গঠিত পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্যের সঙ্গে রয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত