Ajker Patrika

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

পীরগঞ্জ ও রংপুর প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ২৩: ২৯
পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি
নির্মাণাধীন পৌর ভবনের প্রধান প্রবেশপথের সামনে ছাদের সাটারিংয়ের বাঁশ, কাঠ, রড ও কংক্রিট ভেঙে পড়ে আছে। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে নির্মাণকাজে পুরোনো বাঁশ, নষ্ট কাঠ ও রশি-জিআই তার ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও শ্রমিকেরা।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। এতে আসাদুল আকন্দ (৩৫) ও শিহাব উদ্দিন (২১) নামের দুই শ্রমিক নিহত হন। আহত হন আরও চারজন।

আহত চারজনের মধ্যে বাবলা মিয়া (৩০) ও সেলিম মিয়াকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের বাড়ি পীরগঞ্জের লালদীঘি কলাবাগান ও ওসমানপুর এলাকায়। অন্য দুজন গাইবান্ধার পলাশবাড়ী এলাকার নয়ন মিয়া (২৪) ও পীরগঞ্জের তাহিরপুর এলাকার লিটন মিয়া (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন তিনতলা পৌর ভবনের প্রধান প্রবেশপথের সামনে ছাদের সাটারিংয়ের বাঁশ, কাঠ, রড ও কংক্রিট ভেঙে স্তূপ হয়ে পড়ে আছে। প্রবেশপথের চারটি পিলার দ্বিতীয় তলার ছাদ পর্যন্ত আছে। সাটারিংয়ে ব্যবহৃত বাঁশ ও কাঠের অনেকগুলোই পুরোনো বলে দেখা যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও নির্মাণশ্রমিকেরা ভবনটির নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, ছাদের সাটারিংয়ে পুরোনো বাঁশ জোড়া দিয়ে ব্যবহার করা হয়েছিল। কাঠ ও রশিও ছিল নষ্ট। এসব কারণে সাটারিং ভার বহন করতে না পেরে ছাদ ধসে পড়ে বলে তাঁদের ধারণা। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তে এখনো নিশ্চিত হয়নি।

শ্রমিক মেহেদি ও জিকরু মিয়া জানান, সাদুল্লাপুর থেকে ১৩ জনের একটি দল ঢালাইয়ের কাজ করতে এসেছিলেন। তাঁদের সঙ্গে রংপুর ও স্থানীয় আরও আটজন শ্রমিক কাজ করছিলেন। সব মিলিয়ে ২১ জন শ্রমিক কাজে নিয়োজিত ছিলেন। ঢালাইয়ের কাজ প্রায় শেষের দিকে ছিল। হঠাৎ সাটারিংয়ের খুঁটি ভেঙে ছাদটি ধসে পড়ে। এতে ধসে পড়া ছাদের মালামালের স্তূপের নিচে তিনজন চাপা পড়েন। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করেন।

শ্রমিকেরা আরও বলেন, এত উঁচু ছাদের ঢালাইয়ের কাজে বাঁশের খুঁটি ব্যবহার করতে তাঁরা আগে কখনো দেখেননি। তার ওপর খুঁটিগুলো ছিল পুরোনো বাঁশের। সেখানে এসে তাঁরা জানতে পেরেছেন, সাটারিংয়ের কাজ কয়েক মাস আগেই করা হয়েছিল।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২০ সালে ৪ কোটি ৬৯ লাখ টাকায় পৌর ভবন নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ভিশন ২০২০। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

চার সদস্যের তদন্ত কমিটি গঠন

রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুমকে। ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে কমিটিকে বলা হয়েছে।

পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্ আল বাকিউল বারী বলেন, ‘যত দূর জেনেছি, জেলা প্রশাসকের নির্দেশে ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো চিঠি পাইনি। তদন্তে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, লাশ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। এখনো নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় আসেননি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত