Ajker Patrika

হাতিয়ায় নদীতে অবৈধ ঘের নির্মাণের বিরুদ্ধে যৌথ অভিযান, আটক ২২

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় নদীতে অবৈধ ঘের নির্মাণের বিরুদ্ধে যৌথ অভিযান, আটক ২২
আটক জেলেরা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ইসলামচরসংলগ্ন নদীতে অবৈধভাবে ঘের নির্মাণের বিরুদ্ধে নৌ পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে ২২ জনকে আটক করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে তাঁদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার ইসলামচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাঁদের নলচিরা নৌঘাটে নিয়ে আসা হয়।

নৌ পুলিশ ও নলচিরা বন বিভাগের সূত্র জানায়, হাতিয়ার ইসলামচর এলাকায় বহিরাগত একটি চক্র অবৈধভাবে বনাঞ্চলের কেওড়া ও গেওয়াগাছ কেটে নদীতে ঘের নির্মাণ করে বিপুল পরিমাণ মাছ শিকার করে আসছিল। এসব ঘেরের কারণে বাল্কহেড, কার্গোসহ বিভিন্ন নৌযানের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এ ছাড়া ঘেরে বালি ও পলি জমে নদীর নাব্যতা কমে যাচ্ছে। একই সঙ্গে স্থানীয় প্রকৃত জেলেরা উন্মুক্ত নদীতে মাছ ধরার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এসব অভিযোগের ভিত্তিতেই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিদের সবার বাড়ি পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নলচিরা রেঞ্জের বিট কর্মকর্তা বাবুল হক বলেন, ‘বহিরাগতরা ইসলামচরে অবৈধভাবে বনাঞ্চলের কেওড়া ও গেওয়াগাছ কেটে নদীতে ঘের নির্মাণ করে মাছ শিকার করছিল। তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা জানান, নদীতে অবৈধ ঘের নির্মাণের মাধ্যমে নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তিনি বলেন, ‘অবৈধভাবে নদীতে চরঘেরা জাল ব্যবহার ও মৎস্য সংরক্ষণ আইনের ৫(১) ধারায় মামলা দায়ের করে তাদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত