
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ওই পোস্টের কারণে তাঁকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে জানিয়েছেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার করা মামলায় আজ বুধবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করা হয়।
তানভীরের গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়ে ফেসবুক পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, দলীয় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপি ও পুলিশ ‘ক্ষমতা দেখিয়েছে’।
পোস্টে সারজিস আলম লেখেন, হবিগঞ্জ ও সিলেটে সম্প্রতি সংঘটিত হামলার প্রসঙ্গ টেনে সালাউদ্দীন তানভীর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট দেন। তবে পার্টির পক্ষ থেকে আপত্তি জানানোর পর তিনি পোস্টটি মুছে ফেলেন এবং পরবর্তীকালে ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দেন।
সারজিস আলম লিখেছেন, ‘একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখল, সেটা লেখা উচিত হয় নাই বুঝতে পেরে ডিলিট করল, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করল...পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এতকিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইল!’
বিএনপির বর্তমান আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘যে জুলুমে বিএনপি ১৬ বছর ধরে নিপীড়িত ছিল, আজকে ক্ষমতার পালাবদলে তারা সেই একই চরিত্র দেখানো শুরু করেছে।’
এ ছাড়া সিলেটে ছাত্রদলের হামলায় আহত ছাত্রশক্তির কর্মী আলিফের চোখ নষ্ট হওয়ার ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার না করা নিয়েও প্রশ্ন তোলেন এই এনসিপি নেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দীন তানভীরকে এরই মধ্যে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপি।
গত শুক্রবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, কেন তাঁর বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা ও তথ্যপ্রমাণ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নিকট জমা দিতে হবে।
গাজী সালাউদ্দীন তানভীরকে এনসিপি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম ও পাঠ্যবই ছাপার কাগজের কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পর তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তিনি পুনরায় দলে ফিরে আসেন।

রংপুরের মানুষের ভোটের পছন্দের সঙ্গে উন্নয়নকে যুক্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা।
৪৩ মিনিট আগে
জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামীকে দায়িত্ব দিলে তারা তরুণ যুবসমাজকে গড়ে তুলবে। তাঁর মতে, দেশের তরুণেরা বিদেশে গিয়ে পড়ালেখা করে আর ফিরে আসে না, কারণ তারা জানে এ দেশে তরুণদের মেধার মূল্যায়ন হয় না।
২ ঘণ্টা আগে
দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। বিএনপির একাধিক নেতা গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পৃক্ততা ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় কার্যক্রম আরও সুসংহত করতে ‘আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াসপোরা-বিষয়ক উপকমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
১৮ ঘণ্টা আগে