
ভারত থেকে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় আমদানি করা চালের মধ্যে নিম্নমানের চালগুলো ফেরত পাঠানো হচ্ছে। তবে পুরো জাহাজের চাল ফেরত দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ বিভাগের (সিএমএস) নিয়ন্ত্রক মো. সাকিব রেদোয়ান আজ বুধবার আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাজে থাকা নিম্নমানের সব চাল ফেরত পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত (৫ আগস্ট) প্রায় ৭ হাজার বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) নিম্নমানের চাল শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ বস্তা জাহাজে ফেরত পাঠানো হয়েছে। আজকের মধ্যে আরও প্রায় ১ হাজার ২০০ বস্তা ফেরত পাঠানো হবে।’
সাকিব রেদোয়ান আরও বলেন, গতকাল মঙ্গলবার ভারতীয় কয়েকটি গণমাধ্যমে পুরো চালবোঝাই জাহাজ ফেরত পাঠানো হচ্ছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ও ২৫ জুলাই চট্টগ্রাম বন্দরে ‘এমভি এইচটি পাইওনিয়ার’ জাহাজ থেকে চাল খালাসের সময় চালের একটি অংশ নিম্নমানের হওয়ায় খালাস কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর আগে কিছু চাল দেশের বিভিন্ন গুদামে পাঠানো হয়েছিল।
এসব চাল ঢাকার তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপো (সিএসডি) এবং চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাট সিএসডিতে পাঠানো হয়। এর মধ্যে তেজগাঁও সিএসডিতে প্রায় ২ হাজার টন এবং হালিশহর ও দেওয়ানহাট সিএসডিতে কয়েকশ টন করে চাল পৌঁছায়।
গুদামে চাল গ্রহণের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখতে পান, চালের একটি অংশ অত্যন্ত নিম্নমানের এবং খাদ্য হিসেবে অনুপযোগী। পরে বিষয়টি খাদ্য সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়। একই কারণে পরিবহন ঠিকাদারও চাল পরিবহন কার্যক্রম বন্ধ রাখেন।
খাদ্য বিভাগ জানায়, জিটুজি চুক্তির আওতায় ২১ জুলাই ১০ হাজার ৮৭৮ টন চাল নিয়ে ‘এমভি এইচটি পাইওনিয়ার’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। পরদিন খাদ্য অধিদপ্তরের পাঁচ সদস্যের উপস্থিতিতে চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে চালগুলো ‘খাওয়ার উপযোগী’ উল্লেখ করায় খালাসের অনুমতি দেওয়া হয়। এরপর ২৪ ও ২৫ জুলাই চাল খালাস শুরু হয়।
হালিশহর কেন্দ্রীয় খাদ্য গুদামের (সিএসডি) ব্যবস্থাপক ইকবাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের গুদামে নিম্নমানের চাল পৌঁছানোর পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর খাদ্য বিভাগ বন্দর থেকে চাল খালাস বন্ধ করে দেয়।’
চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারী বলেন, ‘এমভি এইচটি পাইওনিয়ার’ জাহাজে কিছু নিম্নমানের চাল এসেছে। এ কারণে খালাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। খাদ্য বিভাগের একটি দল জাহাজে থেকে চাল বাছাইয়ের কাজ করছে। বিধিবহির্ভূত বা নিম্নমানের কোনো চাল গ্রহণ করা হবে না। ভালো মানের চাল গ্রহণ করা হবে এবং নিম্নমানের চালগুলো জাহাজে ফেরত পাঠানো হচ্ছে।’
বর্তমানে ‘এমভি এইচটি পাইওনিয়ার’ জাহাজটি পতেঙ্গা সাইলো জেটিতে অবস্থান করছে।

দুই বছর—দেশের অর্থনীতির গতিপথ বোঝার জন্য খুব দীর্ঘ সময় নয়। তবে এই সময়েই বোঝা যায়, অর্থনীতি কতটা ঘুরে দাঁড়িয়েছে, আর কোন সমস্যাগুলো এখনো অমীমাংসিত। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সময় দেশের অর্থনীতি ছিল বহুমুখী চাপে। উচ্চ মূল্যস্ফীতি, ডলারের তীব্র সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভের...
১৫ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের দাম নির্ধারণের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৯.৫০ ডলারে নেমে আসে। গত ১৩ জুলাইয়ের পর এই প্রথম ব্রেন্টের দাম ৮০ ডলারের নিচে নামল। পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে সর্বশেষ ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০.৫০ ডলারে লেনদেন হচ্ছিল।
১৮ ঘণ্টা আগে
রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেছেন, মোবাইল অপারেটরেরা কখনোই অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ইন্টারনেট ব্যবহার করে অবৈধ আন্তর্জাতিক কল) ব্যবহার করে না। মোবাইল অপারেটরদের নেটওয়ার্ককে ভিওআইপিতে ব্যবহার করা হয়।
২০ ঘণ্টা আগে
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের (ইউসিএল) চেয়ারম্যানসহ চার শীর্ষ নেতৃত্বে রদবদল এসেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৩২৮তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
২০ ঘণ্টা আগে