
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বুধবার রাতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
মো. শফিকুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়েছে।’
ডিবির এ কর্মকর্তা জানান, রাজধানীর গুলশানে বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় করা মামলায় সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিবি সূত্র থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ রয়েছে জগলুল পাশার বিরুদ্ধে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলারও আসামি তিনি।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জগলুল পাশা কক্সবাজার থেকে আকাশপথে ঢাকায় ফিরছেন। পরে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র থেকে আরও জানা যায়, সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালের হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’-সংক্রান্ত মামলা, কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলা এবং গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় করা মামলা।
তবে এসব মামলার অভিযোগের বিষয়ে সৈয়দ জগলুল পাশার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রাম্য সালিস না মানায় ২০ সদস্যের একটি পরিবারকে ২৩ দিন ধরে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরিবারটির অভিযোগ, তাঁদের সঙ্গে আশপাশের কেউ কথা বললে, তাঁদের অটোরিকশায় চড়লে কিংবা আয়-রোজগারের কাজে সহযোগিতা করলে ১০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সালিসে।
৩৫ মিনিট আগে
ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন নীলফামারীর হিমাগারমালিক ও আলু ব্যবসায়ীরা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে জেনারেটর চালিয়ে হিমাগারের কার্যক্রম সচল রাখার চেষ্টা করছেন তাঁরা। এতে নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে জেলার ১১টি হিমাগারে সংরক্ষিত প্রায় ৭৭ হাজার টন আলু নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৩৯ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় ঘরের মাটির দেয়াল ধসে আয়েশা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির বাবা সিদ্দিকুর রহমান গুরুতর আহত হয়েছেন।
৪১ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে একটি টেবিল ভেঙে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিদ্যালয়টির দোতলা ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় প্রায় তিন শ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
২ ঘণ্টা আগে