Ajker Patrika

মধুমতী সেতুর সংযোগ সড়কে ভাঙন, দুর্ঘটনার শঙ্কা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২০
মধুমতী সেতুর সংযোগ সড়কে ভাঙন, দুর্ঘটনার শঙ্কা
মাগুরার মহম্মদপুরে মধুমতি সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের জাঙ্গালিয়া অংশে সংস্কারকাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ধস ও ভাঙন দেখা দিয়েছে। ছবি: আজকের পত্রিকা

মাগুরার মহম্মদপুরে মধুমতি সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের জাঙ্গালিয়া অংশে সংস্কারকাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ধস ও ভাঙন দেখা দিয়েছে। সড়কের অন্তত চারটি স্থানে মাটি সরে যাওয়ায় যানবাহন ও পথচারী চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে একটি স্থানের অবস্থা এতটাই ভয়াবহ যে, দ্রুত সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা গেছে, পদ্মা সেতু চালুর পর মহম্মদপুরের মধুমতি সেতু ব্যবহার করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ঢাকা ও উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলোর যাতায়াত কয়েকগুণ বেড়েছে। এ সড়ক দিয়ে দূরপাল্লার যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, ট্রাক-পিকআপসহ সব ধরনের যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কের দুই পাশের কয়েকটি স্থানে ভাঙন ও ধসের কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত সংস্কার করা না হলে ঢাকার সঙ্গে মহম্মদপুরের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হতে পারে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে সম্প্রতি এই সড়কের সংস্কারকাজ শেষ হয়। জনগুরুত্বপূর্ণ এই সড়কে গাইডওয়াল না থাকায় সাম্প্রতিক অতিবৃষ্টিতে সড়কের দুই পাশের মাটি ধসে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে পিচের নিচ থেকেও মাটি সরে গিয়ে শূন্যে ঝুলে আছে সড়কের একাংশ।

স্থানীয় বাসিন্দা খুরশিদ আলম সোহাগ বলেন, ‘কিছুদিন আগেই সড়কটির সংস্কারকাজ শেষ হলো। কিন্তু সঠিক তদারকি ও সুরক্ষা দেয়াল না থাকায় একাধিক স্থানে ভাঙন শুরু হয়েছে। ঝুঁকি নিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছে।’

মহম্মদপুর উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে এবং পরিদর্শন করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় প্রতিরোধব্যবস্থা গ্রহণ ও টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য ঠিকাদারকে ইতিমধ্যে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত