Ajker Patrika

চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-অকশনে বিক্রির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-অকশনে বিক্রির উদ্যোগ
ই-অকশনে বন্দরে জমে থাকা কনটেইনারের পণ্য বিক্রির উদ্যোগ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো, কনটেইনারজট নিরসন এবং ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি মাসে নিলামযোগ্য ৪৪২ কনটেইনার পণ্য ই-অকশনে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ ই-অকশন নম্বর-১০/২০২৬-এ মোট ১০১টি লট রয়েছে। এসব লটে কনটেইনারের সংখ্যা ২৯০টি। এসব কন্টেইনারে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিক ওয়েস্টেজ, চেস্ট ফ্রিজার, পাইপ, বিভিন্ন ধরনের সুতা ও কাপড়, সোলার মডিউল, লবণ, কাগজ, টাইলস ও গৃহস্থালি পণ্য রয়েছে। এ ছাড়া ৮৬টি পুরোনো খালি কনটেইনারও নিলামে তোলা হবে। এসব পণ্যচালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য রাখা হচ্ছে না।

একই স্থায়ী আদেশের আওতায় ই-অকশন নম্বর-০৯/২০২৬-এ ১০৯টি লটে আরও ১৫২ কনটেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, ফেব্রিক্স, পিভিসি ফ্লেক্স ব্যানার, কেমিক্যাল, এসির যন্ত্রাংশ, টাইলস, স্টেইনলেস স্টিল কয়েল, স্ক্যানার, ব্যাডমিন্টন র‌্যাকেট, এলিভেটর ও লবণসহ অন্যান্য পণ্য।

নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় ই-অকশন পরিচালনা করা হবে বলে জানিয়েছে এনবিআর।

ই-অকশন নম্বর-০৯/২০২৬-এর পণ্য ৩০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর এবং বিশেষ ই-অকশন নম্বর-১০/২০২৬-এর পণ্য ৩০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালে বিডাররা সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। এরপর অনলাইনে বিড করার সুযোগ থাকবে।

আগ্রহী ক্রেতারা কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টাল (https://auction.bdcustoms.gov.bd) এ নিবন্ধন করে ই-অকশন নম্বর-০৯/২০২৬-এর দরপত্র ২৭ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত এবং বিশেষ ই-অকশন নম্বর-১০/২০২৬-এর দরপত্র ২৭ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে দাখিল করতে পারবেন।

নিলাম কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টায় ই-অকশন নম্বর-০৯/২০২৬-এর দরপত্র বাক্স খোলা হবে। এ ছাড়া বিশেষ ই-অকশন নম্বর-১০/২০২৬-এর দরপত্র বাক্স খোলা হবে আগামী ২০ সেপ্টেম্বর বেলা ১১টায়। নিলামসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিডারদের এনবিআরের ই-অকশন পোর্টাল পরিদর্শনের জন্য অনুরোধ করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার (নিলাম) আবু সুফিয়ান বলেন, ‘চট্টগ্রাম বন্দরে অনেক কনটেইনার জমে আছে। আমরা রাজস্ব বোর্ডের নির্দেশে ৪৪২টি কনটেইনার নিলামের উদ্যোগ নিয়েছি এবং এভাবে নিলাম কাজ নিয়মিত চলমান থাকবে। এতে বন্দরের সক্ষমতা আরও এগিয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত