কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

চট্টগ্রামের কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দ দেওয়ার কথা বলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ‘জাহাঙ্গীর আলম, চিফ ইঞ্জিনিয়ার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’ পরিচয় ব্যবহার করে ০১৬১১-৭৫২৬৪০ ও ০১৭০১-৩২৬৪০৪ নম্বর থেকে উপজেলার বিভিন্ন ব্যক্তিকে ফোন করা হচ্ছে। ফোনে গভীর নলকূপ বরাদ্দ দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা দাবি করা হচ্ছে।
ওই নম্বরগুলো থেকে ফোন করে গভীর নলকূপ বরাদ্দের বিপরীতে কোনো অর্থ দাবি করা হলে কোনোভাবেই টাকা না দেওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন।
সেই সঙ্গে ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার না করারও অনুরোধ জানিয়েছে। কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম বলেন, ‘কেউ বিভ্রান্তিকর ফোন বা বার্তা পেলে তাতে সাড়া না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।’









