চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

চট্টগ্রামের চন্দনাইশে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মুন্সিভিটা এলাকায় সামশুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র ও একটি গবাদিপশুসহ প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংবাদকর্মী মোহাম্মদ আজিমুশ শানুল হক দস্তগীর জানান, জুমার নামাজের সময় সামশুল ইসলামের টিনের বেড়া ও ছাউনিযুক্ত ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে সামশুল ইসলাম ও তাঁর দুই ছেলে মহিউদ্দিন এবং জহির উদ্দিনের বসতঘর পুড়ে গেছে বলে জানান আজিমুশ শানুল হক দস্তগীর। ঘর থেকে কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে সামশুল ইসলামের নগদ ৫ হাজার টাকা, বড় ছেলে মহিউদ্দিনের ৩০ হাজার টাকা এবং ছোট ছেলে জহির উদ্দিনের মেয়ের চিকিৎসার জন্য রাখা ৫০ হাজার টাকা পুড়ে যায়। এ ছাড়া দুই ভরি স্বর্ণালংকার, ঘরের যাবতীয় আসবাবপত্র এবং একটি গরু দগ্ধ হয়।
জহির উদ্দিন বলেন, ‘আমরা সবাই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। এ সময় ঘরের বাইরে আমার স্ত্রী রান্না করছিলেন। হঠাৎ ঘরে আগুন ধরে সবকিছু মুহূর্তেই শেষ হয়ে যায়। অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য আগামী সপ্তাহে ঢাকা নিয়ে যাওয়ার কথা ছিল, সে জন্য জমানো ৫০ হাজার টাকাসহ সব সহায়-সম্বল শেষ হয়ে গেল।’
চন্দনাইশ ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, আগুনে বসতঘরগুলোতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।









