রাউজানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

চট্টগ্রামের রাউজানে দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানার পাশাপাশি একটির চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ রোববার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম যৌথভাবে এ অভিযান চালায়।
উপজেলার ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকায় মো. সেলিম কোম্পানির মালিকানাধীন ভাই ভাই ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। আর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল এলাকায় মো. আজমের মালিকানাধীন বিএমবি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিদর্শক চন্দন বিশ্বাস। অভিযানে সহযোগিতা করেন এসআরবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
এস এম রাহাতুল ইসলাম বলেন, ‘পরিবেশ ও ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়া পাহাড়ি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় ভাই ভাই ব্রিকসের চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএমবিকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
চন্দন বিশ্বাস বলেন, রাউজানের ২৯টি ইটভাটার মধ্যে মাত্র একটির বৈধতা আছে। বাকি ২৮টি ভাটা অবৈধ। কয়েকটি ভাটা পরিবেশের ছাড়পত্রের জন্য আবেদন করেছে। সনদ দেওয়ার বিষয়ে জরিপ করা হচ্ছে। কাঠ পোড়ানোসহ পরিবেশের জন্য হুমকি তৈরি করছে—এমন ভাটাগুলোতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।









