Ajker Patrika

নিম্নমানের রাস্তার কাজ করলে ঠিকাদারের লাইসেন্স বাতিল: খাদ্যমন্ত্রী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
নিম্নমানের রাস্তার কাজ করলে ঠিকাদারের লাইসেন্স বাতিল: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ সদরের মেঘশিমুল এলাকায় সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে আফরোজা খানম রিতা। ছবি: আজকের পত্রিকা

রাস্তা নির্মাণ ও সংস্কারকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার কিংবা কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, মানসম্মত কাজ করা ঠিকাদারদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে নিম্নমানের কাজ করলে সংশ্লিষ্ট ঠিকাদারের লাইসেন্স বাতিল করা হবে।

আজ রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় একটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, রাস্তার উন্নয়নকাজ নির্ধারিত নিয়ম ও মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। সরকারি অর্থে নির্মিত সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারদের। কাজে অবহেলা, অনিয়ম কিংবা নিম্নমানের উপকরণ ব্যবহারের কোনো সুযোগ নেই। ভালো কাজের স্বীকৃতি দেওয়া হবে। অন্যদিকে মানহীন কাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দলটি বর্তমান অবস্থানে পৌঁছেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি ভবিষ্যতেও আরও কঠোর অবস্থানে থাকবে।

আফরোজা খানম রিতা আরও বলেন, গুপ্ত বলেন আর ফ্যাসিস্ট বলেন, কোনো পক্ষই এসে দেশকে অস্থিতিশীল করবে কিংবা দেশের মানুষের ক্ষতি করবে, তা মেনে নেওয়া হবে না। দেশের সাধারণ মানুষও এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এ বিষয়ে সচেতন। দেশে নতুন করে ফ্যাসিবাদী অবস্থান তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না।

সড়কের উন্নয়নকাজ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত