সুন্দরবনে ‘আসাবুর বাহিনী’র প্রধান আটক, জিম্মি জেলে ও অস্ত্র উদ্ধার

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ‘আসাবুর বাহিনী’র প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করা হয়েছে। এ সময় ডাকাতের কাছে জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড তাজা কার্তুজ ও একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়েছে। অন্য একটি অভিযানে ডাকাতদের রসদসহ আরও একটি নৌকা জব্দ করা হয়।
আজ রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এসব তথ্য জানান। আটক আসাবুর সানা খুলনার দাকোপ থানার বাসিন্দা।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় আসাবুর বাহিনীর সদস্যরা মুক্তিপণের জন্য এক জেলেকে জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথ অভিযান চালায়। এ সময় একটি কাঠের নৌকাসহ জিম্মি জেলেকে জীবিত উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।
পরে দুপুর ১টার দিকে দাকোপের মল্লিকবাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে আসাবুর সানাকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে দুটি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১২ নভেম্বরও আসাবুরকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও সুন্দরবনে ডাকাতি শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে, একই দিন বেলা ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন দোবেকির সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া নদীসংলগ্ন এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি চালান। এ সময় নৌকাটি থেকে ডাকাতদের ব্যবহারের রসদ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে জব্দ করা নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, আটক ব্যক্তি, জব্দ করা নৌকা এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার জেলেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









