Ajker Patrika

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২: ১৮
অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
যুবদল নেতা রুকনুজ্জামান রুকন। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনকে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছে বিদ্যুৎ বিভাগ। একই ঘটনায় তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন নালিতাবাড়ী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে রুকনুজ্জামানের ব্যবসাপ্রতিষ্ঠানে একটি বৈধ প্রিপেইড সংযোগ রয়েছে। তবে গত ১৪ মাস ধরে ওই মিটারে কোনো রিচার্জ করা হয়নি। বিষয়টি নজরে আসার পর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সংযোগটি পরিদর্শন করেন। এ সময় বৈধ সংযোগের পাশাপাশি কৌশলে নেওয়া একটি অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

বিদ্যুৎ বিভাগের দাবি, অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের কারণে বৈধ মিটারে এর হিসাব উঠছিল না। ফলে দীর্ঘদিন মিটারে রিচার্জ না করেও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। পরিদর্শনের সময় রুকনুজ্জামান বিদ্যুৎ বিভাগের কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত রোববার রুকনুজ্জামানকে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা করে নালিতাবাড়ী বিদ্যুৎ বিভাগ।

আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, ‘তদন্ত ও পরিদর্শনে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় বিধি অনুযায়ী জরিমানা ও মামলা করা হয়েছে।’

শেরপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।’

এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করেন। যুবদলও এ নীতিতে বিশ্বাস করে। কোনো যুবদল নেতার বিরুদ্ধে চোরাই বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে মামলা হয়ে থাকলে খোঁজখবর নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত