রাজনীতির বিভেদ ভুলে হা-ডু-ডুতে মাতলেন বর্তমান জনপ্রতিনিধি ও সম্ভাব্য প্রার্থীরা

রাজনীতির মাঠে তাঁদের অবস্থান ভিন্ন। কেউ বর্তমান জনপ্রতিনিধি, কেউ জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক হিসাব-নিকাশে তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও খেলার মাঠে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। সেখানে নেই কোনো রাজনৈতিক বিভেদ, নেই প্রতিপক্ষকে ঘিরে বিরোধ; আছে শুধু খেলায় জেতার আনন্দ আর একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার উচ্ছ্বাস।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের মাদ্রাসা বাজারে এমনই এক ব্যতিক্রমী আয়োজন ঘিরে বসেছিল মানুষের মিলনমেলা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সচেতন ইউনিয়নবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্তমান জনপ্রতিনিধি ও সম্ভাব্য জনপ্রতিনিধি প্রার্থীদের অংশগ্রহণে এক প্রীতি হা-ডু-ডু খেলা।
খেলার মাঠে দুই দলে ভাগ হয়ে নামেন তাঁরা। এক দলের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মঞ্জুর আল মামুন। অন্য দলের নেতৃত্ব দেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন তালুকদার। মাঠের চারপাশে জড়ো হন নানা বয়সী দর্শক। তাঁদের উচ্ছ্বাস, হাততালি আর খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে প্রাণ ফিরে পায় গ্রামীণ ঐতিহ্যের এই খেলাটি।
শুরু থেকেই দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। কখনো আক্রমণ, কখনো কৌশলী রক্ষণ—প্রতিটি মুহূর্তেই ছিল উত্তেজনা। শেষ পর্যন্ত ২৪-১৯ পয়েন্টে জয় পায় বর্তমান জনপ্রতিনিধিদের দল।
চেয়ারম্যান মঞ্জুর আল মামুনের নেতৃত্বাধীন দলে খেলেন ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম গাউস, বজরুল, আনোয়ার, রইছ উদ্দিন ও রফিকুল ইসলাম। অন্যদিকে বোরহান উদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন দলে ছিলেন চেয়ারম্যান প্রার্থী মাস্টার আবু ফাররাহ, সাইদুল ইসলাম এবং সম্ভাব্য ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থী তারিকুল ইসলাম, বাবলু, সাইফুল ও খাইরুল ইসলাম।
খেলাটি পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্য আলমগীর কবির। তাঁকে সহযোগিতা করেন মো. আজিজুল হক।
খেলা দেখতে আসা দর্শক সুমন মিয়া বলেন, এমন আয়োজন এলাকার মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়ায়। রাজনৈতিক পরিচয়ের বাইরে সবাইকে একসঙ্গে খেলতে দেখে ভালো লেগেছে।
আয়োজক কমিটির সদস্য আলমগীর কবির বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”—এই স্লোগানের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান মঞ্জুর আল মামুন বলেন, বর্তমান জনপ্রতিনিধি ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি এবং তরুণদের কাছে মাদকবিরোধী বার্তা পৌঁছে দিতেই তাঁরা এ খেলায় অংশ নিয়েছেন।
সাবেক ফুটবলার ও জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল মান্নান সোহেল বলেন, খেলায় জয়-পরাজয় থাকলেও এ আয়োজনের মধ্য দিয়ে জয় হয়েছে সম্প্রীতির। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বাইরে এসে একই মাঠে খেলায় অংশ নিয়ে দুই পক্ষ সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।









