নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (২২ নভেম্বর) ভোররাতে উপজেলার গারোপাড়া এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাত সাড়ে ৪টার দিকে গারোপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল। পরে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং মাদক, চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে। এসব অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।









