ভাইরাল ছিনতাইয়ের ভিডিও, চাপাতিসহ গ্রেপ্তার ৪

কুমিল্লা নগরীতে সড়কে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে নগরীর টমছম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরীর ৭ নম্বর ওয়ার্ডের মাঝিগাছা (ফারুকী হাউজ) এলাকার শাহজালালের ছেলে জাহিদ হাসান (১৯), ৮ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার (গয়ামবাগিচা) এলাকার সোহাগ মিয়ার ছেলে মাসুম বিল্লাল (২১), আদর্শ সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মাহালমের ছেলে মো. জাহিদ (২২) ও মুরাদনগর উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার মৃত জসিমের ছেলে জীবন ওরফে সাগর (২২)।
পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর রাতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নজরে আসে। পরে তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে গতকাল রাতে নগরীর টমছম ব্রিজের ইবনে সিনা ডি-ল্যাব-সংলগ্ন এলাকা থেকে ভাইরাল ওই ছিনতাইয়ের ঘটনায় জড়িত জাহিদ হাসান, জীবনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি জব্দ করা হয়েছে।
লুৎফর রহমান আরও জানান, এ ঘটনায় আজ সকালে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।








