
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের মাধ্যমে বিএনপির এক নেতা আহ্বায়ক বা সভাপতি পদ দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ব্যাংকের বর্তমান সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুস সা’দাত। আজ বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় এলাকায় কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট কাজী নাজমুস সা’দাত জানান, তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে রয়েছেন। এ ছাড়া তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সমবায়বিষয়ক সম্পাদক এবং বর্তমানে বরুড়া উপজেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় তিনি বিনা মূল্যে আইনি সহায়তা দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লায় করা একটি মামলায়ও তিনি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নাজমুস সা’দাতের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পরও তাঁকে স্বৈরাচার, ফ্যাসিস্ট অপবাদ দিয়ে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে নতুন কমিটি গঠনের অপচেষ্টা চলছে।
নাজমুস সা’দাত বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির ব্যাংকের আহ্বায়ক বা সভাপতি হতে চাইছেন। কিন্তু সমবায় ব্যাংকের গঠনতন্ত্র অনুযায়ী ব্যাংক বা এর অধীন কোনো সমবায় সমিতির সদস্য না হলে পরিচালনা পর্ষদে আসার সুযোগ নেই। অথচ রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে সরানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এমন কিছু হলে তিনি আদালতের শরণাপন্ন হবেন বলে জানান।
ব্যাংকের সভাপতি বলেন, ‘আমার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো সমবায় মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি তদন্ত করা হোক। তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত হলে আমি যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছি।’
সংবাদ সম্মেলনে নাজমুস সা’দাত দাবি করেন, কেটিটিসি লিমিটেডের সভাপতি শাহজাহান সিরাজের মাধ্যমে বিভিন্ন দপ্তরে তাঁর বিরুদ্ধে পাঠানো অভিযোগে বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, মুজাহিদ চৌধুরী, সারওয়ার জাহান দোলন, তোফায়েল আহমেদসহ ২৬ জনের স্বাক্ষর রয়েছে। তাঁদের কেউই কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড কিংবা এর অধীন কোনো সমবায় সমিতির সদস্য নন বলেও দাবি করেন তিনি।
ব্যাংকের ইতিহাস ও সম্পত্তি সম্পর্কে নাজমুস সা’দাত বলেন, কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ব্যাংকটির মালিকানায় রয়েছে ১৭৪টি সমবায় সমিতি। নির্ধারিত সময় পরপর সদস্য সমিতির প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে ব্যাংকের পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। নগরের কান্দিরপাড়ের গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাংকের প্রায় ৩৫ শতক জমি রয়েছে। ওই জমিতে পুরোনো চারটি ভবন বর্তমানে জরাজীর্ণ ও অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ কারণে পুরোনো ভবনগুলো ভেঙে সেখানে নতুন বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নাজমুস সা’দাত বলেন, ব্যাংকের নিজস্ব অর্থায়নে নতুন ভবন নির্মাণের মতো পর্যাপ্ত অর্থ না থাকায় সমবায় অধিদপ্তরের অনুমতি নিয়ে ডেভেলপারের মাধ্যমে বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সমবায় অধিদপ্তর পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনও এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। ব্যাংকের সম্পত্তি নিয়ে একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন সভাপতি।
সংবাদ সম্মেলনে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল হকসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির বলেন, ‘অ্যাডভোকেট নাজমুস সা’দাত আমার বিরুদ্ধে মনগড়া ও অসত্য অভিযোগ করেছেন। তিনি সমবায় সমিতির গঠনতন্ত্র অনুসরণ না করে নিজের মতো করে নির্বাচন দিয়ে সভাপতি হয়েছেন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এ কারণে সমবায়ীদের পক্ষ থেকে সমবায় অধিদপ্তরে অভিযোগ করা হয়েছে। কমিটিতে কে থাকবেন বা কে থাকবেন না, সেটি সমবায় অধিদপ্তরের বিধি ও সিদ্ধান্তের বিষয়। এখানে আমার এককভাবে থাকার কোনো সুযোগ নেই।’

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
২২ মিনিট আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
২ ঘণ্টা আগে