Ajker Patrika

বিকেএসপির নতুন শাখা স্থাপনে হালুয়াঘাট-ধোবাউড়া পরিদর্শনে সচিব ও প্রতিনিধিদল

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 
বিকেএসপির নতুন শাখা স্থাপনে হালুয়াঘাট-ধোবাউড়া পরিদর্শনে সচিব ও প্রতিনিধিদল
ময়মনসিংহ বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) নতুন শাখা স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন সম্ভাব্য স্থান সরেজমিন পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রতিনিধিদল। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) নতুন শাখা স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী এই পরিদর্শনে সার্বিক সহযোগিতা করেন হালুয়াঘাট-ধোবাউড়ার সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিকেএসপি প্রতিনিধিদলে সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (সাধারণ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান (পিএসসি)।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্যসহ প্রতিনিধিদল হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বিকেএসপির নতুন শাখা স্থাপনের জন্য সম্ভাব্য স্থানগুলোর পরিবেশ, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং ক্রীড়া প্রশিক্ষণের উপযোগিতা পর্যবেক্ষণ করেন তাঁরা। পরে বিকেলে প্রতিনিধিদলটি ধোবাউড়ার ঐতিহ্যবাহী কলসিন্দুর সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ পরিদর্শন করে। সেখানে তাঁরা নারী ফুটবলারসহ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, ‘কলসিন্দুরের মেয়েরা জাতীয় দলে খেলে দেশকে বিশ্বমঞ্চে পরিচিত করেছে। তাঁদের এই অর্জনের ফলেই আমাদের প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টিতে এখানে বিকেএসপি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘ময়মনসিংহ বিভাগে বিকেএসপির কার্যক্রম চালুর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদ তুলে আনা সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনা। বিশেষ করে ধোবাউড়ার কলসিন্দুরের মেয়েদের ফুটবলের ঐতিহ্যের কথা চিন্তা করে তাঁদের কাছাকাছি স্থানে এটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য স্থানগুলো যাচাই-বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত স্থান নির্বাচন করা হবে।’

সচিব আরও জানান, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে এবং কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের মাঠটি আরও সংস্কার করা হবে যেন মেয়েরা আরও ভালো প্রস্তুতি নিতে পারেন।

বিকেএসপির পরিচালক (সাধারণ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ বলেন, ‘সরকারের নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগে দুটি নতুন বিকেএসপি স্থাপন করা হবে। জাতীয় মহিলা দলে কলসিন্দুর এলাকা থেকে ৬-৭ জন খেলছে, যা একটি বড় অর্জন। আমরা চাই এই এলাকা থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে উঠুক।’

হালুয়াঘাট ও ধোবাউড়ায় বিকেএসপির সম্ভাব্য স্থান পরিদর্শনের এই খবরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের সম্ভাবনাময় তরুণ-তরুণীরা আধুনিক প্রশিক্ষণের সুযোগ পাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও দক্ষ ক্রীড়াবিদ তৈরি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত