Ajker Patrika

জ্বালানি স্থাপনায় হামলা: নয়া পর্যায়ে যুদ্ধ, উপসাগরীয় দেশগুলো কি ইরানে পাল্টা আঘাত হানবে

আজকের পত্রিকা ডেস্ক­
জ্বালানি স্থাপনায় হামলা: নয়া পর্যায়ে যুদ্ধ, উপসাগরীয় দেশগুলো কি ইরানে পাল্টা আঘাত হানবে
ইসরায়েলি হামলার পর আগুন জ্বলে যায় ইরানের একটি গ্যাসক্ষেত্রে। ছবি: সংগৃহীত

যুদ্ধ শুরুর পর কিছুদিন আগে ইরানের জ্বালানি টার্মিনাল বলে খ্যাত খারগ দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইসরায়েল গতকাল বুধবার ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে হামলাস চালায়। এর প্রতিশোধ হিসেবে ইরান কয়েকটি উপসাগরীয় দেশের জ্বালানি স্থাপনায় আঘাত হেনে চাপ আরও বাড়িয়েছে। এতে যুদ্ধ পুরো অঞ্চলকে আরও ভয়াবহ এক পর্যায়ে, সর্বাত্মক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে। যুদ্ধ প্রবেশ করেছে এক নতুন পর্যায়ে।

যুদ্ধের এই বিপজ্জনক নতুন পর্যায়ে আজ বৃহস্পতিবার ভোরে ইরান কাতারের রাস লাফান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় হামলা চালায়। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপরও আঘাত হানা হয়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করে, তার মধ্যেই এসব হামলা ঘটে। গতকাল বুধবার ইসরায়েল ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যা করে এবং দক্ষিণ পার্স এলএনজি স্থাপনাতেও আঘাত হানে।

সংঘাতের শুরু থেকেই নিজ ভূখণ্ডে মার্কিন স্থাপনা ও সম্পদ থাকার কারণে উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে ইরান। এসব দেশের ওপর হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়ে বলেন, ইরান যদি কাতারকে লক্ষ্য করে হামলা চালিয়ে যায়, তবে দক্ষিণ পার্স স্থাপনাকে ‘সম্পূর্ণভাবে ব্যাপক বিস্ফোরণে উড়িয়ে’ দেওয়া হবে।

ট্রাম্প বলেন, ‘ইরানের ভবিষ্যতের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাবের কথা বিবেচনা করে আমি এমন মাত্রার সহিংসতা ও ধ্বংস অনুমোদন করতে চাই না। কিন্তু কাতারের এলএনজি আবার আক্রমণের শিকার হলে আমি দ্বিধা করব না।’

একই সময়ে ট্রাম্প দক্ষিণ পার্সে ইসরায়েলের হামলা থেকে যুক্তরাষ্ট্রকে দূরে রাখার চেষ্টা করেন। তিনি বলেন, তাঁর মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মিত্র ‘সহিংসভাবে’ স্থাপনাটিতে আঘাত করেছে। তবে তেহরান যদি কাতারে হামলা বন্ধ রাখে, তাহলে এমন ঘটনা আর ঘটবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। ইরানের বুশেহর প্রদেশে অবস্থিত অফশোর গ্যাসক্ষেত্রে হামলায় যুক্তরাষ্ট্রের ‘কোনো ভূমিকা নেই’ বলেও দাবি করেন ট্রাম্প।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুরস্ক, মিসর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এসব আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন এবং এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব’ নিয়ে কথা হয়েছে। পাশাপাশি এসব হুমকির মুখে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সতর্কতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক কাতার জানায়, রাস লাফান গ্যাস কমপ্লেক্সে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিনটি অগ্নিকাণ্ড ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের নিরাপত্তা ও সামরিক প্রতিনিধিদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় এবং তাদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে। রাস লাফানে হামলাকে জাতীয় নিরাপত্তার ওপর ‘সরাসরি হুমকি’ বলে নিন্দা জানিয়ে ইরানকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণের’ অভিযোগও আনে তারা।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানায়, ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে হাবশান গ্যাস স্থাপনা এবং বাব তেলক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবুধাবির জনসংযোগ বিভাগ জানায়, স্থাপনাগুলো বন্ধ রাখা হয়েছে এবং কোনো হতাহতের খবর নেই। সৌদি আরব জানায়, বুধবার রিয়াদের দিকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এছাড়া দেশের পূর্বাঞ্চলের একটি গ্যাস স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে। বৃহস্পতিবার ইরান আবারও সৌদি রাজধানী রিয়াদকে লক্ষ্য করে হামলা চালায়।

কুয়েত ও বাহরাইনেও হামলার খবর পাওয়া গেছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার জবাব ‘এখনও শেষ হয়নি।’ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ–তে প্রচারিত বিবৃতিতে তিনি বলেন, ‘ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা করে শত্রু বড় ভুল করেছে। এটি আবার ঘটলে আপনাদের এবং আপনাদের মিত্রদের জ্বালানি অবকাঠামোর ওপর আমাদের পরবর্তী হামলা সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত থামবে না।’

উপসাগরীয় দেশগুলো কি পাল্টা হামলা চালাবে?

এখন বড় প্রশ্ন হলো, এসব দেশ ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ নেবে কি না। তা হলে যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করবে। বুধবার রিয়াদে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, ‘প্রয়োজন মনে হলে আমরা সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করি।’ তিনি সতর্ক করে বলেন, চাপ প্রয়োগ রাজনৈতিক ও নৈতিকভাবে উল্টো ফল বয়ে আনতে পারে।

বৃহস্পতিবার তিনি ইরানকে সতর্ক করে বলেন, তার দেশ এবং প্রতিবেশী উপসাগরীয় রাষ্ট্রগুলোর ওপর হামলার প্রতি সহনশীলতা সীমিত। তিনি তেহরানকে অবিলম্বে তাদের কৌশল ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানান।

এদিন, কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল থানি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনে কথা বলেন। পরে কাতারের আমিরের দপ্তর জানায়, দুই নেতা ইরানের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা’ হিসেবে দেখেছেন, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তাকেও ক্ষতিগ্রস্ত করছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আল জাজিরার প্রতিবেদক জেইন বাসরাভি বলেন, ইরানের হামলা উপসাগরীয় দেশগুলোর মধ্যে কূটনীতির সব আশা ‘ভেঙে দিয়েছে।’ তিনি বলেন, ‘যাই ঘটুক না কেন, এই এবং অন্য যেকোনো সংঘাত সমাধানে সংলাপ ও কূটনীতির পথেই এগিয়ে যাওয়ার কথা কাতার বারবার বলেছে। কিন্তু বর্তমান পরিস্থিতি তাদের ধৈর্যের কঠিন পরীক্ষা নিচ্ছে।’

কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকারবিষয়ক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মেহরান কামরাভা বলেন, উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের ক্রমবর্ধমান হামলা তাদের সরকারগুলোকে ‘কূটনৈতিকভাবে গভীর সংকটে’ ফেলেছে। তিনি বলেন, ‘একদিকে ইরানের আগ্রাসনের জবাব দেওয়ার প্রবল চাপ রয়েছে। অন্যদিকে তারা খুব ভালো করেই জানে, যদি তারা যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন ডোনাল্ড ট্রাম্প যদি হঠাৎ করেই সরে গিয়ে যুক্তরাষ্ট্রের বিজয় ঘোষণা করেন, তাহলে তাদের একাই প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে হবে।’

দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে হামলার দায় ইসরায়েল স্বীকার না করলেও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তেহরানের নেতৃত্বকে ‘শিরশ্ছেদ’ করার লক্ষ্যে আরও ‘চমক’ দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার আরও একটি ঘটনায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সেন্টার জানায়, কাতারের রাস লাফান থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল (প্রায় ৭ কিলোমিটার) পূর্বে একটি জাহাজ ‘অজ্ঞাত উড়ন্তা বস্তর’ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খুলনায় ঘরে ঢুকে পরিবারের ৪ সদস্যকে গুলি

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড, ২ জনের প্রাণহানি

বাবা বুড়িগঙ্গায় নিখোঁজ, স্ত্রী হাসপাতালে, নিথর দেহে বাড়িতে ফিরলেন সোহেল

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

আমিরাতের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ইরানের, জাতিসংঘকে চিঠি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত