গতকাল অফিস থেকে ফেরার পথে সবাই আমরা নীরব ছিলাম। ভীষণ নীরব। অফিসের সামনে মাইক্রোবাসে উঠে নিঃশব্দে নেমে গিয়েছিলাম যে যার গন্তব্যে। সম্ভবত সবাই আমরা ফাহিরের কথা ভাবছিলাম। ২৪ বছর বয়সী সাংবাদিক মো. ফখরুল ইসলাম ভূঞা, যে আমাদের কাছে পরিচিত ছিল ফাহির ফখরুল নামে। তাকে আরও সংক্ষেপে ফাহির নামে ডাকতাম আমরা।
ফাহিরকে নিয়ে ‘আপনি’ সম্বোধনেও লিখতে পারি। হয়তো সেটাই রীতি। কিন্তু ‘চিল ডুড’ ফাহিরকে আপনি বলে সম্বোধন করলে দূরে ঠেলে দেওয়া হয়। সেটা করা কঠিন বৈকি। তাই ফাহির ‘তুমি’ হিসেবেই থাক।
ফাহিরের মৃত্যু সব অর্থে এত দ্রুত হলো যে, সেটা মেনে নেওয়া কঠিন। একে তার বয়স মাত্র ২৪ বছর। বয়সের দিক থেকে এটা খুবই কম—মাত্র শুরু। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া এবং তার মারা যাওয়ার সময়টাও ভীষণ কম। এত কম সময়ে আসলে কিছু করে ওঠা কঠিন, অন্তত আমাদের এই ঢাকা শহরে। কিন্তু এই কঠিন বাস্তবতা আমাদের মেনে নিতে হচ্ছে।
ফাহিরের মৃত্যু আমাদের সামগ্রিক ব্যর্থতার পরিচয়। এমন নয় যে তার বয়সী মানুষ মারা যাচ্ছে না। যাচ্ছে। কিন্তু কেন মারা যাচ্ছে, সে বিষয়গুলো কোনোভাবে সামনে আনা যাচ্ছে না। বিশ্ব যখন আরও এগিয়ে যেতে ব্যস্ত, বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা সাফল্যের চূড়ায় উঠছি, তখন আমাদের খেয়ালই থাকছে না, তরুণদের মৃত্যুর গ্রাফ ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। বিভিন্ন পরিসংখ্যান বলছে, একুশ শতকের এই চরম উন্নয়নের দিনে পৃথিবীতে তরুণদের হৃদ্যন্ত্র বন্ধ হয়ে মারা যাওয়ার সংখ্যা বাড়ছে দিনদিন। বাড়ছে আত্মহত্যার প্রবণতা। বিষণ্নতা মহামারির রূপ নিয়েছে। সন্তর্পণে ছোবল বসাচ্ছে ডায়াবেটিসের মতো অনেক নীরব ঘাতক। সম্পর্ক ছিন্ন করে নিঃসঙ্গ হয়ে যাওয়ার হার বাড়ছে। সেগুলো উন্নত বা অনুন্নত বিশ্ব নয়, পৃথিবীব্যাপী ঘটে চলেছে। ফাহিরের মৃত্যুতে তাই শোকগাথা নয়।
ফাহিরের মতো তরুণদের আমরা জীবনযাপনের সহজপাঠটা সহজে দিতে পারছি না। আমরা তাদের শেখাতে পারিনি, প্রতিযোগিতায় না গিয়ে পছন্দের কাজটা করো। প্রতিযোগিতা তোমাকে মৃত্যুর দিকেই নিয়ে যাবে। তাদের আমরা বোঝাতে পারছি না, জীবনযাপনে অভ্যস্ত হতে সময় লাগে। তাদের আমরা জানাতে পারছি না, শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও ভালো থাকাটা জরুরি, অন্তত যখন তারা জীবিকার পাগলা ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে। এসবের ফলে ফাহিরের বয়সী ‘চিল ডুডেরা’ জীবনের দৌড়ে ‘ধরা’ খেয়ে যাচ্ছে।
ফাহির ছবি তুলতে ভালোবাসত, সিনেমা দেখতে ভালোবাসত, পড়তেও ভালোবাসত। হইচই করে মাতিয়ে তুলতে পারত তার চারপাশ। কিন্তু কোন বীভৎস কীট তাকে ধীরে ধীরে ভেতর থেকে ধসিয়ে দিয়েছিল, সে খবর আমরা জানি না। সেও জানায়নি। ফলে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ধকল সে সইতে পারেনি বেশিক্ষণ। এটা ফাহিরের দোষ নয়। এটা আমাদের সমাজের সামগ্রিক প্রবণতা। লাখ লাখ তরুণ এই একই অবস্থায় জীবন যাপন করে চলেছেন বিষয়টি না জেনেই। লেখাপড়া শেষ করে জীবন ও জীবিকার তাগিদে নিরন্তর ছুটে চলা, নির্ভরযোগ্য বন্ধু না থাকা, স্বপ্ন ও বাস্তবতার ফারাক সইতে না পারা, পরিবারের বিবিধ চাপ ইত্যাদি বিষয় একা একা বইতে হচ্ছে জীবনের দৌড়ে শামিল হওয়া তরুণদের। কেউ সেগুলো সামলে চলতে পারছেন, কেউ পারছেন না। যারা পারছেন, তাঁরা হয়তো কোনোমতে টিকে থাকছেন। যাঁরা পারছেন না, তাঁরা ‘অকস্মাৎ হৃদ্যন্ত্রের’ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করছেন, নইলে আত্মহত্যার চেষ্টা চালাচ্ছেন, নিদেনপক্ষে শারীরিক অসুস্থতায় ভুগছেন। মানসিক অসুস্থতার বিষটি কেউ আমলেই নিচ্ছেন না। সম্প্রতি আমাদের আরও একজন সহকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। অফিসের ত্বরিত সিদ্ধান্ত আর চিকিৎসকদের আন্তরিক সহযোগিতায় তিনি সুস্থ হয়েছেন। তিনিও ফাহিরের বয়সী। এ দুই ঘটনা আমাদের ভাবায়।
ভালো থেকো চিল ডুড। তোমার জন্য প্রার্থনা।

পয়লা বৈশাখের ক্ষেত্রে, ষাটের দশকের শেষ দিকে ব্যাপারটা একধরনের প্রতিবাদের মধ্য দিয়েই নতুনভাবে আবির্ভূত হয়েছিল। সেটা পাকিস্তান রাষ্ট্রের অগণতান্ত্রিক ও বাংলাদেশ-বিরোধী, পূর্ববঙ্গ-বিরোধী, এই অঞ্চলের জনমানুষ ও বাঙালি জনগোষ্ঠী-বিরোধী যে অবস্থান—সেই অবস্থানের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের অংশ হিসেবেই আসলে...
৫ দিন আগে
ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গবাদ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইলোরা। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম শিলাখোদিত গুহার সমষ্টি। ইউনেসকো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এখানে ১০০টির বেশি গুহা চরনন্দ্রী পাহাড়ের ভেতর থেকে খনন করে উদ্ধার করা হয়েছে।
৬ দিন আগে
যুক্তরাষ্ট্র থেকে আমাদের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, এনজিও, সিভিল সোসাইটি কোনো না কোনোভাবে লাভবান হয়ে থাকেন। এনজিও, সিভিল সোসাইটি তাদের অর্থেই পরিচালিত হয়। ফলে মার্কিনদের বিশ্বরাজনীতি নিয়ে কেউ কোনো কথা বলেন না। অথচ বলা উচিত। আমাদের সবারই দাবি তোলা উচিত মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো থেকে...
১২ দিন আগে
১৮৭৯ সালে স্প্যানিশ প্রত্নতত্ত্ববিদ মার্সেলিনো সানজ দে সাউতুওলা ও তাঁর মেয়ে মারিয়া সানজ দে সাউতুওলা স্পেনের উত্তরে কান্তাব্রিয়া অঞ্চলে খুঁজে পান আলতামিরা গুহা। তাঁরা এই গুহায় আবিষ্কার করেন প্রাগৈতিহাসিক যুগের শিল্পকর্ম। এখানে মূলত বাইসন বা বনগরু, ঘোড়া ও হরিণের জীবন্ত ও বাস্তবধর্মী চিত্র লাল...
১৬ দিন আগে