শনিবারের দিনটাই শুরু হয়েছিল ফাহিরের ফোন দিয়ে। অফিসের কাজেই কেজো কথা। একটা সংবাদ কীভাবে দেওয়া হবে, আদৌ দেওয়া হবে কি না, তা-ই জানতে চেয়েছিলেন ফাহির। সেই কথা শেষের ঠিক ১০ মিনিট পর কর্মস্থলে ঢুকে দেখি, কাজটা হয়ে গেছে।
ফাহির এমনই ছিলেন। কাজ পেলে তাতে দায়িত্বের কোনো ঘাটতি কখনোই ঘটতে দেননি। ২৪ বছর বয়সী এই সাংবাদিকের পোশাকি নাম মো. ফখরুল ইসলাম ভূঁঞা। আমরা, তাঁর সহকর্মীরা অবশ্য তাঁকে ফাহির ফখরুল হিসেবেই চিনতাম। ছিল আরও নানা ডাকনাম, সবাই ভালোবেসেই দিয়েছিল। ভালো না বাসলে কি আর ডাকনামে ডাকা যায়?
সব ডাকনামকে অর্থহীন বানিয়ে ফাহির চলে গেছেন। শনিবার বিকেলে অকস্মাৎ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। সেদিন সকাল ৮টায় অফিসে এসেছিলেন ফাহির। সারা দিন স্বাভাবিক নিয়মেই দায়িত্ব পালন করেন। বেলা ৩টার পর তিনি অফিস থেকে বাসায় চলে যান। মোহাম্মদপুরের বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতাল নিয়ে যাওয়া হলেও ফাহিরকে ফেরানো যায়নি।
এই লেখাটি যখন লিখছি, তখনো ভাবছি—ফাহির কি সত্যিই চলে গেছে? এখনো একটা ঘোর চারপাশে বর্তমান। বোধ হচ্ছে, এই হয়তো কেউ বলবে—‘ফাহির কাল সকালে ডিউটিতে আছে।’ এই কথাটা শোনার আকাঙ্ক্ষা মন থেকে যাচ্ছেই না। কারণ, ফাহির ডিউটিতে থাকলেই যে, কাল সকালে অফিসে আসার সময় আমার মোবাইল ফোন বেজে ওঠার একটা ক্ষীণ আশা থেকে যায়। ফোনের সেই স্ক্রিনে আবার ভেসে উঠতে পারে ‘ফাহির’ নামটি। হয়তো বলে উঠবে, ‘ভাই, এই নিউজটা কি দিব?’
ফাহিরের মৃত্যুসংবাদ কানে এসেছিল তাঁকে শেষ দেখার ১০০ মিনিট পর। সহকর্মী সবাই ছুটে যাওয়ার পর তাঁর মৃত্যুর খবর জানানো সংবাদটি লিখতে মন সায় দিচ্ছিল না। আশা ছিল, এই বুঝি কেউ ফোন করে জানাবে ফাহির আছে। কিন্তু শেষতক সম্পাদনা করতে হলো ‘সাংবাদিক ফখরুল ইসলাম ভূঁঞা মারা গেছেন’ শীর্ষক সংবাদটি। ফাহিরের ছবি বাছাইও করতে হলো। ছবি দেখতে দেখতে আবারও বুকে বাজল অবিশ্বাসের সুর। এত হাসি-খুশি একটা ছেলে এখন আর হাসবে না? অফিসে দুষ্টুমি করে বকুনি খাওয়ার ভয়ে নিজেকে লুকাবে না?
এর চেয়ে লুকানোর চেষ্টা করলেই ভালো হতো, ফাহির। অন্তত খুঁজে বের করা তো যেত!
ফাহির অফিস থেকে একটু আগে বের হয়েছিল গতকাল। হাসিমুখে অনুমতি চেয়ে বলেছিল, ‘ভাই, আমি একটু যাই? আজ একটা কাজ আছে।’ অনুমতি পেয়ে আবার এ-ও জানিয়ে আশ্বস্ত করেছিল যে অফিসের কাজের সুবিধার জন্য সংশ্লিষ্ট সহকর্মীকে সে বলে-কয়ে একটু আগেই আনিয়েছে।
কিন্তু ফাহিরের সেই ‘একটু যাই’ যে চিরদিনের তরে হবে, সেটি কি আর আমরা জানতাম! ঘুণাক্ষরেও বুঝতে পারলে নিশ্চয় যেতেই দিতাম না।
সেই থেকে ক্ষণে ক্ষণে ভাবনারা জানাচ্ছে, ‘ইশ্, যদি ফাহিরকে ছুটি না দিতাম!’ তবে হয়তো ফাহির অসুস্থ হলে তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টায় হাত লাগাতে পারতাম। প্রিয়জন চলে গেলে তো এমনই বোধ হয় বারবার। কত আফসোসেরা এসে ভিড় জমায় তখন!
ফাহির আর আসবেন না। কিন্তু তাঁর হাসিমুখ মনে থাকবে চিরকাল। মিথ্যে কথার এই শহরে অমন নিষ্পাপ হাসি আর কজন দিতে পারে!
ভালো থাকবেন, ফাহির। ফোন দেবেন, প্লিজ। অপেক্ষায় রইলাম।

পয়লা বৈশাখের ক্ষেত্রে, ষাটের দশকের শেষ দিকে ব্যাপারটা একধরনের প্রতিবাদের মধ্য দিয়েই নতুনভাবে আবির্ভূত হয়েছিল। সেটা পাকিস্তান রাষ্ট্রের অগণতান্ত্রিক ও বাংলাদেশ-বিরোধী, পূর্ববঙ্গ-বিরোধী, এই অঞ্চলের জনমানুষ ও বাঙালি জনগোষ্ঠী-বিরোধী যে অবস্থান—সেই অবস্থানের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের অংশ হিসেবেই আসলে...
৫ দিন আগে
ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গবাদ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইলোরা। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম শিলাখোদিত গুহার সমষ্টি। ইউনেসকো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এখানে ১০০টির বেশি গুহা চরনন্দ্রী পাহাড়ের ভেতর থেকে খনন করে উদ্ধার করা হয়েছে।
৬ দিন আগে
যুক্তরাষ্ট্র থেকে আমাদের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, এনজিও, সিভিল সোসাইটি কোনো না কোনোভাবে লাভবান হয়ে থাকেন। এনজিও, সিভিল সোসাইটি তাদের অর্থেই পরিচালিত হয়। ফলে মার্কিনদের বিশ্বরাজনীতি নিয়ে কেউ কোনো কথা বলেন না। অথচ বলা উচিত। আমাদের সবারই দাবি তোলা উচিত মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো থেকে...
১২ দিন আগে
১৮৭৯ সালে স্প্যানিশ প্রত্নতত্ত্ববিদ মার্সেলিনো সানজ দে সাউতুওলা ও তাঁর মেয়ে মারিয়া সানজ দে সাউতুওলা স্পেনের উত্তরে কান্তাব্রিয়া অঞ্চলে খুঁজে পান আলতামিরা গুহা। তাঁরা এই গুহায় আবিষ্কার করেন প্রাগৈতিহাসিক যুগের শিল্পকর্ম। এখানে মূলত বাইসন বা বনগরু, ঘোড়া ও হরিণের জীবন্ত ও বাস্তবধর্মী চিত্র লাল...
১৬ দিন আগে