
অলরাউন্ডার সাকিব আল হাসানকে কবে দেখা যাবে, সেই প্রশ্ন অনেক দিনের। কারণ ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমানতালে জ্বলে উঠতে পারছেন না সাকিব। তবে নাজমুল হোসেন শান্ত মনে করেন, ভারত সিরিজে সাকিবকে দেখা যাবে অন্য রূপে।
পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলেও সাকিব ফেরেননি। সারের হয়ে এক ম্যাচের জন্য কাউন্টি খেলতে চলে গেছেন ইংল্যান্ডে। সমারসেটের বিপক্ষে ১৯৩ রানে নিয়েছেন ৯ উইকেট, যেখানে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। তবে ব্যাটার সাকিব করেছেন মাত্র ১২ রান। কাউন্টির আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও সাকিবের ক্ষেত্রে দেখা গেছে একই চিত্র। ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার আগে ঢাকা বিমানবন্দরে আজ সকালে গণমাধ্যমে সাকিবকে নিয়ে শান্ত বলেন, ‘স্বাভাবিকভাবেই আগে যা প্রত্যাশা ছিল, তা-ই আছে। খুবই ভালো। আমার মনে হয় প্রস্তুতিটা তাঁর ভালোই হয়েছে। বোলিংটা (৯ উইকেট)। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি। আশা করি তিনি এই সিরিজে (ভারত) ভালো কিছু করবেন।’
আনুষ্ঠানিকভাবে এ বছরের মার্চে অধিনায়ক হওয়ার আগে শান্ত নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ দলকে। তাঁর নেতৃত্বে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ তিন ম্যাচ জিতেছে এরই মধ্যে। গত বছর নিউজিল্যান্ড সফরে শান্তর নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচও জিতেছে। তবে ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ হতে পারছেন না শান্ত। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ ম্যাচে করেন ৯৬২ রান। ৩৯ ইনিংসের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ইনিংস কেবল ৫টি (২ সেঞ্চুরি ও ৩ ফিফটি)।
ভারত সিরিজে নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়েও জ্বলে ওঠার আশা করছেন শান্ত। বিমানবন্দরে আজ সংবাদমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে বাংলাদেশ দল জিতুক। ব্যাটার হিসেবে দলে যেন অবদান রাখতে পারি, সেটাই আমার ইচ্ছা। সেটার জন্য যেমন প্রস্তুতি নেওয়া দরকার ছিল, আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। দলে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’
ঘরের মাঠে ভারত সবশেষ টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে। এমনকি চেন্নাইতে ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য যে দল ঘোষণা করেছে, সেটা খুবই ভারসাম্যপূর্ণ। রোহিত শর্মা, বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকারা আছেন সেই দলে। এ ছাড়া ভারতের মাঠে বাংলাদেশ ৩ টেস্ট খেলে প্রতিটিতেই হেরেছে বাজেভাবে। শান্ত বলছেন, ‘এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে আপনি যেটা বললেন যে পাকিস্তানে ভালো একটা সিরিজ পার করার পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের মধ্যে আছেই। এমনকি পুরো দেশের মানুষের মধ্যেই আছে।’

স্প্যানিশ লা লিগায় রিয়ালের নতুন মৌসুম শুরু হবে আগামীকাল দিবাগত রাত দেড়টায়; প্রতিপক্ষ এস্পানিওল। সেই ম্যাচ দিয়েই দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম অফিসিয়াল ম্যাচে ডাগআউটে বসবেন মরিনিয়ো। প্রাক-মৌসুমে অবশ্য কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তাঁর দল।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে ফিফা। ঘটনার এক মাস পর ফিফার ডিসিপ্লিনারি কমিটি নিষেধাজ্ঞার পাশাপাশি জড়িতদের জরিমানাও করেছে।
২ ঘণ্টা আগে
প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের পরই শঙ্কাটা তৈরি হয়েছিল। ইনিংস হার ঠেকাতে দ্বিতীয় ইনিংসে নাটকীয় কিছুই করতে হতো পাকিস্তানকে। কিন্তু এ যাত্রায় আরও বেশি মুখ তুবড়ে পড়ল সফরকারীরা। দুই ইনিংসে হতাশাজনক ব্যাটিংয়ে তাদের সঙ্গী হলো লজ্জাজনক হার।
২ ঘণ্টা আগে
আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে ভারত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি আয়োজন করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপি খরচ হতে পারে। যেটা অনর্থক বলেই মনে হচ্ছে ভুটিয়ার কাছে।
৩ ঘণ্টা আগে