কক্সবাজারের টেকনাফ থেকে গত দুই দিনে অপহরণ হওয়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা অভিযান চালিয়ে উপজেলার জাহাজপুরা পাহাড়ি এলাকা থেকে গতকাল বুধবার গভীর রাতে তাঁদের উদ্ধার করা হয়।
তবে অপহরণকারী চক্রের কাউকে আটক ধরতে পারেনি পুলিশ। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।
ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গতকাল সন্ধ্যা ৬টা থেকে টেকনাফ থানা, হোয়াইক্যং ও বাহারছড়া ফাঁড়ির ৫০ জন পুলিশ একযোগে জাহাজপুরা পাহাড়ে অভিযান শুরু করে। পাশাপাশি অভিযানে যোগ দেন র্যাব সদস্যরা।
অভিযানের একপর্যায়ে পাহাড়টি ঘিরে ফেলা হয়। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযানের মুখে অপহৃত ১০ জনকে পাহাড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অপহরণকারী চক্র। পরে তাঁদের উদ্ধার করা হয়। এখন তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আর অপহরণকারীদের ধরতে পাহাড়ে অভিযান চলমান রয়েছে বলে জানান ওসি।
উদ্ধার ব্যক্তিরা হলেন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের করাচিপাড়া এলাকার লেদু মিয়ার ছেলে শাকিল মিয়া (১৫), বেলালের ছেলে জুনাইদ (১৩), নুরুল আমিনের ছেলে সাইফুল (১৪), শহর আলীর ছেলে ফরিদ (৩৫), নাজির হোছনের ছেলে সোনা মিয়া (২৪) এবং শহর মুল্লুকের ছেলে গুরা পুইত্যা (৩২)।
এ ছাড়া পৃথক ঘটনায় অপহৃত অপর দুজন হলেন হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং উত্তরপাড়ার আলী আকবরের ছেলে ছৈয়দ হোসেন ওরফে বাবুল (৩৩) এবং রইক্ষ্যং দক্ষিণপাড়ার কালা মিয়া ওরফে লম্বা কালুর ছেলে ফজল কাদের (৪৭)।
এর আগে মঙ্গলবার টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাহাড়ি এলাকায় গরু আনতে গিয়ে অপহরণের শিকার হন দুজন। তাঁরা হলেন টেকনাফের হোয়াইক্যং রোজার ঘোনা এলাকার আমির হোসেনের ছেলে অলি আহমদ (৩২) এবং কম্বনিয়া এলাকার ফিরুজের ছেলে নুর মোহাম্মদ (১৭)।
পুলিশ ও অপহৃতদের স্বজনেরা জানিয়েছেন, গতকাল বেলা ২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাংস্থ ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাহাড় এবং পুটিবুনিয়া পাহাড়ি এলাকায় পৃথক অপহরণের ঘটনা ঘটে। এর মধ্যে উনচিপ্রাং এলাকা থেকে ছয়জন এবং পুটিবুনিয়া এলাকা থেকে দুজনকে অপহরণ করা হয়।
এদিকে মুক্তিপণের বিনিময়ে অপহৃত ১০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত ১০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি। এখানে মুক্তিপণের বিষয়টি পুলিশ অবহিত নয়। অপহৃতদের পরিবারের সদস্যরা কোনো তথ্য দিতে চায় না। এমনকি একাধিকবার চেষ্টার পরও স্বজনেরা লিখিত অভিযোগ দেয় না। এতে পুলিশ প্রতিবন্ধকতার মুখে পড়ে।’
ওসি আরও বলেন, ‘অপহৃতদের পরিবার কাউকে টাকা দেওয়ার বিষয়টি পুলিশকে জানায়নি। সবকিছু মাথায় নিয়ে অপহরণকারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া ১০ জনের কাছে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। শনিবার বিএমপির মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
৪২ মিনিট আগে
‘বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা নিশ্চিত ছিলাম যে তিনি এই বাসায় অবস্থান করছেন। এরপর বাসার একজন ম্যানেজার, বাশারের অফিসের একজন স্টাফকে নিয়ে এই বাসায় তাঁকে আমরা খুঁজতে থাকি, কিন্তু তাঁকে না পেয়ে আমার অফিসাররা হতাশ হয়ে পড়েন। পরে বাসার বাথরুমের একটি সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়...
৪৪ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই বটতলা নামক এলাকা থেকে গাঁজার গাছটি জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দল কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খানকে কুপিয়ে জখম করেছে। এ সময় আরও পাঁচজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে