সবুজ পাহাড়, গুহা, উপত্যকা আর দৃষ্টিনন্দন ঝরনা নিয়ে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। চলতি বছর ভরা বর্ষায় প্রাণ ফিরে পেয়েছে এখানকার পাহাড় থেকে নেমে আসা ঝরনাগুলো। পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে যেন। দূরে ভেসে যাওয়া জলধারা নেমে আসার আওয়াজ পর্যটকদের আগমনী বার্তা দেয়। এরই মধ্যে সন্ধান পাওয়া গেছে নতুন আকর্ষণ ‘তৈছামা ঝরনা’।
ত্রিপুরা শব্দ ‘তৈছামা’ অর্থ ঝরনার মা। দুই দিক থেকে দুটি ঝরনা এই ঝরনায় এসে মিলিত হয়েছে। ঝরনার মিলনস্থলকে বলা হয় ‘তুয়ারি মাইরাং’। তৈছামা ঝরনাটি জেলার দীঘিনালার মেরুং ইউনিয়নের বিষ্ণু কার্বারিপাড়ায় অবস্থিত। অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে এ ঝরনা দেখতে স্থানীয় পর্যটক ছাড়াও বাইরে থেকে আসছেন অনেকেই। তৈছামা ঝরনায় পৌঁছাতে পাড়ি দিতে হয় ছোট বড় পাহাড়, জুমখেত, স্রোতস্বিনী ঝিরি এবং পাথুরে রাস্তা। লোকালয় থেকে হেঁটে ঝরনায় পৌঁছাতে সময় লাগে এক থেকে দেড় ঘণ্টা।
উঁচু-নিচু পাহাড়ে এখন চোখধাঁধানো সবুজ জুম। উঁচু পাহাড় থেকে দৃষ্টি যাবে সুদূরে দিগন্তে। আকাশছোঁয়া পাহাড় দেখে বিস্মিত হবে যে কেউ। বন্ধুর পথ যেতে যেতে মনে হবে যেন আকাশ ছোঁয়া যাবে। জুম পাহাড়ের গায়ে হেলান দেয় নীল আকাশ। শরতের রূপ ধরা দেবে ভরা বর্ষায়।
পাহাড়ের পথ শেষে হাঁটতে হবে ঝিরির পথে। ঘন সবুজ আর উঁচু পাহাড়ের কারণে ঝিরিপথে সূর্যের আলো পৌঁছায় না। ঝিরির দুই পাশে উঁচু উঁচু টারশিয়ান যুগের পাহাড়। পাহাড়ি ঝিরিতে গা ছমছম অনুভূতি। ঝিরিতে শত বছর ধরে আটকে আছে বড় বড় পাথরখণ্ড। পাথর ও ক্যাসকেড বেয়ে নামছে পানির স্রোত।
ঝিরিপথ শেষে পার হতে হবে গিরিখাত। পথের দুই পাশে অন্তত দেড় শ ফুট উঁচু দুইটি পাহাড়। এ পথে যেতে মনে হবে আরব্য উপন্যাস আলী বাবা ও চল্লিশ চোরের সেই জাদুকরি দরজা খুলে রেখেছে প্রকৃতি। টারশিয়ান যুগের পাথুরে পাহাড় ছেড়ে অল্প এগোতেই তৈছামা ঝরনা। পাহাড় থেকে নেমে এসে এখানে দুটো ঝরনা এক হয়েছে। খুব বেশি উঁচু না হলেও দুই দিক থেকে আসা জলের স্রোতে মুগ্ধ হবে যেকোনো পর্যটক।
ঝরনায় বেড়াতে আসা জীবন চৌধুরী জানান, ‘করোনার মধ্যে দীর্ঘদিন যান্ত্রিক জীবনে আটকে ছিলাম। তৈছামা ঝরনা দেখতে এলাম। যাঁরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাঁরা আসতে পারেন। যাত্রাপথ অত্যন্ত রোমাঞ্চকর। যাঁরা পাহাড়ে আসতে পছন্দ করেন, ঝরনা পছন্দ করেন, এটি তাঁদের জন্য পারফেক্ট একটি জায়গা। ঝরনায় এসে মুগ্ধ হয়েছি। চারপাশটা বেশ রোমাঞ্চকর।’
পর্যটকদের যাতায়াতে অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। আগত পর্যটকদের গাইড সুবিধা দেবেন বলে আশ্বাস দেন তাঁরা। মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গণেশ ত্রিপুরা জানান, ‘ঝরনায় যাতায়াতের পথ কিছুটা ঝুঁকিপূর্ণ। সরকারের পক্ষ থেকে রাস্তাসহ অবকাঠামো নির্মাণ করে দিলে সুবিধা হবে।’
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, ‘খাগড়াছড়িতে তৈদুছড়া, তুয়ারি মাইরাং, রিছাং, তৈছামাসহ বেশ কয়েকটি ঝরনা রয়েছে। অন্য জেলায় একসঙ্গে এতগুলো নেই। ঝরনা ভ্রমণের জন্য পর্যটকদের জন্য নিরাপত্তার পাশাপাশি গাইড সুবিধা কীভাবে দেওয়া যায়, তা আমরা ভাবছি।’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে ছারছিনা দরবার শরিফের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে ছারছিনা দরবার শরিফ থেকে মিছিলটি বের হয়। এতে ছারছিনা আলিয়া মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও দরবারের অনুসারী অংশ নেন।
৫ মিনিট আগে
বুধবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি মালবাহী পিকআপ কচুবাড়ী পোস্ট অফিস পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও যাত্রীরা গুরুতর আহত হন।
১১ মিনিট আগে
বাগেরহাটের মোরেলগঞ্জে কয়লা পরিষ্কার করতে খালে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মো. আউয়াল মাঝি (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের কামারপট্টিসংলগ্ন খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী এক অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল, মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে