
ভালো বেতনে কোম্পানির চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেওয়া হয়েছিল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার যুবক মো. জাহাঙ্গীর হোসাইনকে (২৫)। কিন্তু সেখানে গিয়ে প্রতারণার শিকার হয়ে বাধ্য হন দেশটির সেনাবাহিনীতে যোগ দিতে। দুই মাসের যুদ্ধ প্রশিক্ষণ শেষে ফ্রন্টলাইনে পাঠানোর মাত্র এক সপ্তাহের মাথায় ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ হারাতে হলো তাঁকে।
১৮ মে রাশিয়ানিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীরসহ তিন বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত অপর দুজন হলেন মাদারীপুরের মো. সুরুজ কাজী ও কুমিল্লার মো. ইউসুফ খান।
গতকাল বৃহস্পতিবার রাতে রাশিয়ায় একই সেনা ক্যাম্পে থাকা মৃদুল নামের এক বাংলাদেশি যুবক ফেসবুক ভিডিও বার্তার মাধ্যমে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃদুলের বাড়ি টাঙ্গাইলে। ঘটনার তিন দিন পর তিনি জাহাঙ্গীরের পরিবারকে বিষয়টি জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জাহাঙ্গীর করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের বাসিন্দা। দুই বছর আগে বাবাকে হারান। জাহাঙ্গীর ছিলেন তিন ভাইবোনের মধ্যে সবার বড়। তাঁর পরিবারে স্ত্রী মাশুকা ও দুই বছরের এক কন্যাসন্তান রয়েছে।
পরিবারের হাল ধরতে প্রায় তিন মাস আগে একটি এজেন্সির মাধ্যমে রাশিয়ায় যান জাহাঙ্গীর। তার ফুফাতো ভাই মো. রমজান জানান, সেখানে প্রথমে তাঁকে একটি শূকরের খামারে কাজ দেওয়া হয়। পর্যাপ্ত খাবার না পেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সুস্থ হলে রেস্টুরেন্টে চাকরি দেওয়ার কথা বলে ওই এজেন্সি জাহাঙ্গীরসহ সাত বাংলাদেশিকে রাশিয়ান সেনাবাহিনীর হাতে তুলে দেয়। সেখানে জোরপূর্বক তাঁদের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়।
রমজান আরও জানান, ‘রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি কেবল জাহাঙ্গীরের স্ত্রী জানতেন। লোকলজ্জা ও ভয়ের কারণে অন্য কাউকে তা জানানো হয়নি। দুই সপ্তাহ আগে পরিবারের সঙ্গে শেষবার কথা বলার সময় জাহাঙ্গীর জানিয়েছিলেন, তিনি কিছুদিন নেটওয়ার্কের বাইরে থাকবেন।’
ফেসবুক ভিডিও বার্তায় জাহাঙ্গীরের সহকর্মী মৃদুল এই ঘটনার জন্য সরাসরি একটি এজেন্সিকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘আরাফা আল মনোয়ার নামের একটি এজেন্সির প্রতারণার কারণেই আজ আমি আমার তিনজন বন্ধুকে হারালাম।’
জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ঘটনাটি শুনে খুবই মর্মাহত হয়েছি। জাহাঙ্গীর হোসাইনের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, ‘অফিশিয়ালি এখনো কোনো চিঠি না পেলেও সংবাদ পেয়ে আমরা নিহত জাহাঙ্গীর হোসাইনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা রাশিয়ায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
রাশিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কতজন বাংলাদেশিকে এভাবে যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়া হয়েছে, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো এসব মানব পাচারকারী এজেন্সির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা বলেন, ‘স্থানীয় চেয়ারম্যান বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেভাবেই ব্যবস্থা নেব।’

প্রশাসনিক কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সিটি করপোরেশনের প্রশাসকেরা।
৪৪ মিনিট আগে
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক সৌদি আরবে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে রাজকীয় অতিথি (রয়্যাল গেস্ট) হিসেবে তিনি এই সফরে গেছেন।
২ ঘণ্টা আগে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের সংস্কার ও পরিবর্তন নিয়ে আসছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কোনো পোস্টার ব্যবহারের সুযোগ থাকছে না। একই সঙ্গে এই নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দলীয় প্রতীক ব্যবহারের বিধান...
৯ ঘণ্টা আগে
আগামীকাল শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি।
১০ ঘণ্টা আগে